সময় কলকাতা ডেস্কঃ গত একমাস ধরে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছেনা রণবীর সিংয়ের। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের নগ্ন ছবি। নগ্ন অবস্থায় একটি বিশেষ ম্যাগাজিনের ফটোশুট করেছিলেন তিনি। ওই ফটোশুটকে কেন্দ্র করে অভিনেতার বিরুদ্ধে চেম্বুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এবার রণবীর সিংকে ডেকে পাঠাল মুম্বই পুলিশ।

চারিত্রিক মূল্যবোধ এবং নারী-অনুভূতিতে আঘাত হেনেছেন রণবীর, এই অভিযোগেই একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা আইনজীবী। সেই অভিযোগ এফআইআর হিসাবে নথিভুক্ত করেছিল মুম্বইয়ের চেম্বুর থানার পুলিশ। সাহসিকতা না অপরাধ, তা নিয়ে তৈরি হয় বিতর্ক। রণবীরের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ দায়ের হয় থানায়। সেই পরিপ্রেক্ষিতেই আগামী ২২ আগস্টের মধ্যে তাঁকে হাজিরা দিতে নির্দেশ দিল মুম্বই পুলিশ। জানা গিয়েছে, ওই দিনই রেকর্ড হবে রণবীরের বয়ান।

ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩,৫০৯ এবং আইটি আইনের ৬৭ (এ) ধারায় রণবীরের বিরুদ্ধে মামলা রুজু করেছিল মুম্বই পুলিশ। সেই মামলাতেই রণবীরের বাড়িতে নোটিস পাঠিয়েছে পুলিশ। যদিও, নোটিস পাঠানোর সময় অভিনেতা তাঁর বাড়িতে ছিলেন না বলেই সূত্রের খবর।

উল্লেখ্য, সম্প্রতি পেপার ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করেছিলেন রণবীর সিং। সেই ফটোশুট সামনেই আসতেই বিতর্কের ঝড় বয়ে যায়। গায়ে এক ইঞ্চি সুতো না রেখে ফটোশুট করেছিলেন রণবীর। সে সব ছবিই নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়। ছবিতে দেখা গিয়েছিল কখনও তিনি শুয়ে আছেন,আবার কখনও তিনি বসে রয়েছেন। তবে ছবিতে মডেলিংয়ের কায়দায় নিজের গোপনাঙ্গ আড়াল করেছিলেন অভিনেতা। মার্কিন পপ কালচারের আইকনের কায়দায় পোজ দিতে দেখা গিয়েছিল রণবীরকে।
আন্তর্জাতিক ওই পত্রিকাকে দেওয়া একটি সাক্ষাৎকারে রণবীর সিং বলেছিলেন,‘শারীরিকভাবে নগ্ন হওয়া অনেক সোজা। তবে আমার কিছু পারফরম্যান্সের মধ্যে দিয়েও আমি নগ্ন হয়েছি। এতটাই নগ্ন হয়েছি যে আমার আত্মা পর্যন্ত দেখা গিয়েছে। নিজের পারফরম্যান্সের খাতিরে আমি হাজার হাজার ভক্তদের সামনে নগ্ন হতে রাজি আছি। আমার তাতে কিছু যায় আসে না। তবে যারা আমায় দেখছে,তাদের খারাপ লাগছে কিনা সেটাও ভাবা জরুরি।’ এর আগেও ২০১৭ সালের মে মাসে একটি বাথটবের মধ্যে নগ্ন অবস্থায় শুয়ে থাকতে দেখা গিয়েছিল অভিনেতাকে। তাঁর গায়ে সুতো পর্যন্ত ছিল না। সেসময় নেটিজেনদের একাংশ অভিনেতাকে নিয়ে ট্রোলও করেছিলেন।।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক