Home » কামতাপুর রাজ্যের দাবীকে সমর্থন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার, দাবি কেএলও প্রধান জীবন সিংহের(রইল ভিডিও)

কামতাপুর রাজ্যের দাবীকে সমর্থন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার, দাবি কেএলও প্রধান জীবন সিংহের(রইল ভিডিও)

সময় কলকাতা, জলপাইগুড়ি:দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে। কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন সশস্ত্র আন্দোলন চালিয়েছে দীর্ঘদিন ধরে। কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন অর্থাৎ কেএলও নিষিদ্ধ ঘোষণা হওয়ার পরেই কেএলও প্রধান জীবন সিংহ কার্যত অন্তরালে।

জীবন সিংহের আবেদন

এবার নিজের গোপন ডেরা থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে কেএলও প্রধান জীবন সিংহ দাবি করলেন কামতাপুর রাজ্যের দাবীকে সমর্থন জানিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং আরএসএস।

 

প্রসঙ্গত একাধিকবার তার ভিডিও বার্তা এসে পৌঁছায় সংবাদমাধ্যমের হাতে, যে বার্তায় জীবন সিংহ কখনো কোচ কামতাপুর রাজ্যের দাবীতে সরব হন, আবার কখনো সহিংস আন্দোলনের কথাও বলেন। দুই মাস আগে একটি ভিডিও বার্তার মাধ্যমে জীবন সিংহ হুমকি দিয়েছিলেন পুলিশের কর্তাব্যক্তি এবং প্রশাসনিক কর্তাব্যক্তিদের প্রতি। তিনি জানিয়েছিলেন যারা কামতাপুর রাজ্যের বিরোধিতা করবেন, তাদেরকে কোচ কামতাপুর অর্থাৎ কোচবিহার থেকে কলকাতায় ফেরৎ যেতে দেওয়া হবে না। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।

একমাস আগের ভিডিও বার্তা

এক মাস আগে আরেকটি ভিডিও বার্তায় কোচ কামতাপুর পৃথক রাজ্যের দাবীকে সমর্থন জানানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেদন জানান জীবন সিংহ। ২১শে জুলাই এর ঠিক একদিন আগে পাঠানো অডিও বার্তায় জীবন সিংহকে অনেকটাই নমনীয় ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেদন করতে দেখা যায়।

এবার “আজাদি কা অমৃত মহোৎসব”-এর কথা স্মরণ করে এবং দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের কথা স্মরণ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে কামতাপুর রাজ্যকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানালেন জীবন সিংহ। সেই আবেদন জানানোর সময় জীবন সিংহ দাবি করেছেন কামতাপুর পৃথক রাজ্যের দাবীকে সমর্থন জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং আরএসএস। যদিও এই ভিডিও বার্তার সত্যতা যাচাই করেনি সময় কলকাতা।

এই ভিডিও বার্তায় জীবন সিংহ বলেন স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত হলেও স্বাধীনতা পায়নি কোচ কামতাপুরীরা। নিজেদের ভূমিতেই আজ তারা সংখ্যালঘু। আর্থ-সামাজিক দিক দিয়ে ক্রমশ পিছিয়ে পড়ছে। জাতির জন্য লড়াই করতে গিয়ে বহু কোচ কামতাপুরী যুবক নিখোঁজ হয়ে গিয়েছেন এবং এই পরিস্থিতিতে কোচ- কামতাপুর রাজ্য গঠন অনিবার্য হয়ে পড়েছে। স্বাধীনতার সময়কার চুক্তি মোতাবেক ভারতের সংবিধান অনুযায়ী গ্রেটার কোচবিহার বা কামতাপুর রাজ্য তাদের ফিরিয়ে দেওয়া হোক এ দাবি জানিয়েছেন কেএলও প্রধান জীবন সিংহ।

কয়েক বছর ধরেই আত্মগোপন করে আছেন কেএলও প্রধান জীবন সিংহ। জনশ্রুতি ভুটানের গভীর জঙ্গলে সীমান্তের ওপারে আত্মগোপন করে রয়েছেন কেএলও প্রধান। সেখান থেকেই একের পর এক ভিডিও বার্তা তিনি সংবাদ মাধ্যমের কাছে পৌঁছে দেন। কখনো সে বার্তায় থাকে প্রকাশ্যে রাজ্য সরকারকে হুমকি। আবার কখনো বিজেপির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ। এবার সরাসরি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে পৃথক রাজ্যের আবেদন জানানোর পাশাপাশি তাদের দাবিকে সমর্থন জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং আরএসএস, জীবন সিংয়ের এই দাবিকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

About Post Author