সময় কলকাতা ডেস্কঃ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘরে তিরঙ্গা উড়িয়ে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন বিদগ্ধজনরা। এবার সুদূর মহাগগন থেকে স্বাধীনতার শুভেচ্ছা বার্তা পাঠাল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। সেই শুভেচ্ছা পোস্ট করা হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে। শনিবার ‘ইসরো’-র মাধ্যমেই মহাকাশ থেকে শুভেচ্ছা বার্তা পাঠাল ইউরোপীয়ান স্পেস এজেন্সির বিজ্ঞানী তথা মহাকাশচারী সামন্থা ক্রিস্টোফিরেটি।

ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিজ্ঞানী দেশের নাগরিকদের শুভেচ্ছা জানান। পাশাপাশি ইসরোর সঙ্গে সমন্বয় বজায় রেখে মহাকাশ গবেষণায় যে ধরণের সাফল্য পেয়েছে আইএসএস, তা নিয়েও নিজ বক্তব্য পেশ করেন ওই মহাকাশচারী। তিনি আরও জানান, ইসরোর তরফেও শুরু হতে চলেছে মহাকাশচারীকে মহাশূণ্যে পাঠানোর প্রস্তুতি। সেই মিশনগুলিতে আগামীদিনে ইসরোকে সবরকমভাবে সহায়তা করা হবে আন্তর্জাতিক স্পেস এজেন্সিগুলির তরফে, এমন আশ্বাসও দেন তিনি।
অন্যদিকে সদ্যই স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে কেন্দ্রের ‘আজাদির অমৃৎ মহোৎসব’ কর্মসূচিতে সামিল হয়েছে ইসরো। চলতি মাসের ১১ তারিখ শ্রীহরিকোটা থেকে লো অ্যাটিটিউট এস্কেপ মোটরের পরীক্ষাও করে ফেলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। পাশাপাশি সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ উদ্বোধন করেছেন ভার্চুয়াল স্পেস মিউজিয়াম ‘স্পার্ক’।

সেই মিউজিয়ামে ইসরো মহাকাশ অভিযান সম্পর্কিত যাবতীয় তথ্যচিত্র, ছবি, ভিডিও দেখতে পারবেন দর্শকরা। আধুনিকতার মোড়কে মোড়া এই মিউজিয়ামের সমস্ত ছবি, ভিডিও এবং তথ্যচিত্র থ্রিডি মডেলে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই মিউজিয়াম ইসরোর সাফল্যে আরও একটি পালক জুড়ে দিল, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর