Home » স্বাধীনতা দিবসে পরিবর্তিত মেট্রোর সময়সূচি দেখে নিন

স্বাধীনতা দিবসে পরিবর্তিত মেট্রোর সময়সূচি দেখে নিন

সময় কলকাতা ডেস্কঃ স্বাধীনতা দিবসের প্রাক্কালে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত। লাল কেল্লার বাইরে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে নিরাপত্তাবাহিনী। পাশাপাশি কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে গুরুত্বপূর্ণ স্থানগুলি। ইতিমধ্যেই লাল কেল্লায় মহড়া শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে, রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেট্রো স্টেশনগুলিতেও অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে।

মেট্রোর তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, অন্যান্য দিনের তুলনায় ১৫ আগস্টের দিন কলকাতায় মেট্রো সংখ্যা কম থাকবে। তবে প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে বলেই জানা গিয়েছে।

নিয়ম মাফিক দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত আপ-ডাউন মিলিয়ে মোট ২৮৮টি মেট্রো চলে। তবে স্বাধীনতা দিবসের দিন মোট ১৮৮টি মেট্রো চলবে। অন্যদিকে শিয়ালদহ-সেক্টর ফাইভ ইস্ট-ওয়েস্ট মেট্রোয় আপ ও ডাউন মিলিয়ে ১৫ আগস্ট ৯০টি মেট্রো চালানো হবে। অন্যান্য দিনের তুলনায় এদিন ১০টি মেট্রো কম চালানো হবে।

দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম ট্রেন ৬টা ৫০ মিনিটে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো সকাল ৭টায়। জানা গিয়েছে, শেষ মেট্রোর সময়সীমাতেও সেভাবে কোনও পরিবর্তন আসেনি। দমদম-কবি সুভাষ আপ-ডাউন মেট্রোর সময় ৯টা ৪০ মিনিট। এদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার প্রথম মেট্রো থাকবে সকাল ৬টা ৫৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ যাওয়ার প্রথম মেট্রো সকাল ৭টায়। এক্ষেত্রেও শেষে মেট্রোর সময়সূচিতেও কোনও পরিবর্তন হয়নি।

About Post Author