Home » স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে প্রস্তুতি তুঙ্গে

স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে প্রস্তুতি তুঙ্গে

View of empty Red Road in the morning with blue sky above. Shot at Kolkata, West Bengal, India.

সময় কলকাতা ডেস্কঃ অতিমারির রেশ কিছুটা কাটিয়ে দীর্ঘ ২ বছর পরে স্বাধীনতা দিবসে রেড রোডের অনুষ্ঠানে ফিরছেন দর্শকেরা। ১৫ আগস্ট উপলক্ষে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। আটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর, ভিভিআইপি এবং দর্শকদের নিরাপত্তার কথা ভেবে রেড রোড সংলগ্ন এলাকা ১৪টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকছেন একজন করে ডেপুটি কমিশনার। সঙ্গে থাকবেন একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনারও।

লালবাজার পুলিশ সুত্রে জানা গিয়েছে, গোটা চত্বর জুড়ে মোতায়েন থাকছেন ১২০০ পুলিশকর্মী। তাঁদের পরিচালনায় থাকবেন ৬ জন যুগ্ম পুলিশ কমিশনার। এছাড়া থাকছেন অতিরিক্ত কমিশনার এবং বিশেষ পুলিশ কমিশনার। রেড রোডে থাকছে ৬ টি ওয়াচ টাওয়ার। সেই সঙ্গে তিন জায়গায় বালির বস্তার বাঙ্কারে থাকবে কম্যান্ডো বাহিনী। থাকবে তিনটি কুইক রেসপন্স টিমও। এছাড়া, ৯ টি টহলদারি গাড়ি থাকবে নিরাপত্তার জন্য। পুলিশ সূত্রের খবর, স্বাধীনতা দিবসের দিন নাশকতার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে গোয়েন্দাদের পক্ষ থেকে। সেকারণে শনিবার থেকেই শহরের ১৯টি জায়গায় বসবে পুলিশ পিকেট। ২৩টি জায়গায় থাকবে নাকা-তল্লাশির ব্যবস্থা।

এছাড়া, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা সহ ধর্মস্থান, শপিং মলগুলিতে থাকছে কড়া নজরদারি। ২৫টি মেট্রো স্টেশনে থাকবে অতিরিক্ত বাহিনী। গোটা শহরজুড়ে ১৫ আগস্ট নিরাপত্তার জন্য মোতায়েন করা হচ্ছে প্রায় ৩ হাজার পুলিশকর্মী। গত ২ বছর করোনার জন্য দর্শকশূণ্য ছিল রেড রোডের অনুষ্ঠান। এবার সেখানে হবে পতাকা উত্তোলন থেকে কুচকাওয়াজ এবং শোভাযাত্রা। থাকবে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের ট্যাবলোর প্রদর্শনী। তবে ঘোড়সওয়ার পুলিশ এবার কুচকাওয়াজে অংশ নিচ্ছে না, এমনটাই জানা গিয়েছে।

About Post Author