Home » স্ত্রীর চোখের সামনে বাঘে তুলে নিয়ে গেল মৎস্যজীবীকে

স্ত্রীর চোখের সামনে বাঘে তুলে নিয়ে গেল মৎস্যজীবীকে

সময় কলকাতা ডেস্ক :

সুন্দরবনের দক্ষিণরায় জঙ্গলে ক্ষিপ্র। অতর্কিতে হানা দেয় সে। কিছু টের পাওয়ার আগেই শিকার তুলে নিয়ে যায় । শিবপদ সরকারও টের পান নি বাঘ কখন শিয়রে সমন হয়ে এসেছে ।মঙ্গলবার ভোর বেলা স্বামী স্ত্রী একসঙ্গেই অপর এক সঙ্গী সহযোগে মাছ আর কাঁকড়া ধরতে বেরিয়েছিলেন। নদী সংলগ্ন জঙ্গলে মাছ আর কাঁকড়া ধরছিলেন তারা। আচমকা বাঘ এসে বিদ্যুতগতিতে শিবপদকে তার স্ত্রীর চোখের সামনেই এসে মুখে করে তুলে নিয়ে হাওয়া হয়ে যায়।

সুন্দরবনের ঝিলা ৪ নম্বর জঙ্গলের গোলভক্সা খালে  মঙ্গলবার সকালের ঘটনা । জানা গিয়েছে,৫৫ বছর বয়সী নিখোঁজ মৎস্যজীবী শিবপদ সরকার এদিন ভোর সাড়ে চারটে নাগাদ স্ত্রী রীনা সরকার ও এক সঙ্গী শশাঙ্ক মণ্ডলকে সঙ্গী করে গোসাবার লাহিড়ীপুরের চরঘেরি গ্রাম থেকে রওনা দিয়েছিলেন মাছ, কাঁকড়া ধরার উদ্দেশ্যে। সকাল ছ’টা নাগাদ যখন তাঁরা নদী লাগোয়া জঙ্গলে নেমে কাঁকড়া ধরছিলেন তখনই একটি বাঘ আচমকাই শিবপদর উপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গীরা কিছু বুঝে ওঠার আগেই তাঁকে নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যায় বাঘটি। তড়িঘড়ি রীনা ও শশাঙ্ক গ্রামে ফিরে এসে সকলকে জানান বিষয়টি। এলাকায় শোক, বন দফতরের কাছে খবর পৌঁছেছে। বন দফতর এ বিষয়ে তাদের করণীয় পদক্ষেপ নিচ্ছে বলেই জানিয়েছে।।

About Post Author