Home » মানিক ভট্টাচার্যের নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য

মানিক ভট্টাচার্যের নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য

সময় কলকাতা ডেস্কঃ টেট দুর্নীতি মামলায় আরও বিপাকে মানিক ভট্টাচার্য। এবার মানিক ভট্টাচার্যের নিরাপত্তা প্রত্যাহার করে নিল রাজ্য। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই তৃণমূলের এই বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে রাজ্য পুলিশ। টেট নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে সিবিআই লুক আউট নোটিশ জারি করার পরই এই পদক্ষেপ গ্রহণ রাজ্যের। সূত্রের খবর, রাজ্য পুলিশের নিরাপত্তা পাবেন না তিনি। তবে ঠিক কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। আর এতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে তরজা।

বৃহস্পতিবারই প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে জারি করা হয়েছিল লুক আউট নোটিশ। টেট অনিয়ম মামলাতেই মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে এই নোটিশ জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেননা মানিক ভট্টাচার্য গা ঢাকা দিতে পারেন বলে অনুমান গোয়েন্দাদের। কার্যত সে কারণেই মানিক ভট্টাচার্যের ছবি ও মামলার বিস্তারিত তথ্য সহ লুক আউট নোটিশ জারি করা হয়। প্রতিটি বিমানবন্দরেই সেই লুক আউট নোটিশ দেওয়া হয়।

জানা গিয়েছে,নিয়োগ দুর্নীতি মামলায় বারবার ইডির হাজিরা এড়াচ্ছেন প্রাথমিক শিক্ষক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। ২৭ জুলাই-এর পর তাঁকে যতবার ডাকা হয়েছে,ততবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। যাদবপুরের বাড়ি, ফ্ল্যাটে দেখা মেলেনি তাঁর। এমনকী, নদিয়ার পলাশি পাড়ার পৈতৃক বাড়িতেও নেই তিনি। গত একমাস ধরে তালা ঝুলছে সেই বাড়িতে। অভিযোগ, মানিক ভট্টাচার্য যে মোবাইল নম্বর দিয়েছিলেন তাতেও যোগাযোগ করা যাচ্ছে না। এরপর তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়েই বৈঠক করেন ইডি কর্তারা। এরপরই তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে সিবিআই মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতেই লুকআউট নোটিশ জারি করে। দেশের সমস্ত বিমানবন্দর ও স্থলবন্দরে সেই নোটিশ পাঠিয়ে দেওয়া হয়।

About Post Author