Home » আজাদ হয়ে গুলাম এখন কংগ্রেসের বড় শত্রু, তৈরি করছেন কি নতুন দল?

আজাদ হয়ে গুলাম এখন কংগ্রেসের বড় শত্রু, তৈরি করছেন কি নতুন দল?

সময় কলকাতা ডেস্ক:কংগ্রেস ছাড়ার পর গুলাম নবী আজাদ কার্যত এখন আজাদ। আজাদ এখন আজাদ হওয়ার কারণেই কংগ্রেসের এখন বড় শত্রু। কংগ্রেস ছাড়ার পর গুলাম নবী আজাদ কংগ্রেসের নিয়ম এবং নীতির বাইরে। ফলে এখন লাগামহীন গুলাম নবী আজাদ।

গত ২৬ শে আগস্ট কংগ্রেস থেকে পদত্যাগের পর, গুলাম নবী আজাদের পদাঙ্ক অনুসরণ করে ৫১ জন কংগ্রেস নেতৃত্ব কংগ্রেস ছাড়তে চলেছেন।

কেন গুলাম নবী আজাদ পদত্যাগ করেছেন

বিগত বেশ কিছুদিন ধরেই জম্মু-কাশ্মীরে কংগ্রেসের অন্দরমহলে জ্বলছিল বিক্ষোভের আগুন। একাধিক কংগ্রেস নেতৃত্ব পদত্যাগ করার পরে তাদের কাছে পদত্যাগের কারণ জানার চেষ্টা করেনি কংগ্রেস হাই- কমান্ড। সে কারণে ক্ষুব্ধ ছিলেন গুলাম নবী আজাদ। একাধিকবার কংগ্রেস হাই কমান্ড -কে দলের অন্দরের বিক্ষোভ সম্বন্ধে অবহিত করেছিলেন আজাদ। তাসত্ত্বেও গুলাম নবী আজাদের কথায় বিন্দুমাত্র কর্ণপাত করেনি কংগ্রেস হাই -কমান্ড। তারই ফলস্বরূপ রাহুল গান্ধীকে দোষারোপ করে পদত্যাগ করেন গুলাম নবী আজাদ। পদত্যাগের পর গুলাম নবী আজাদ জানিয়েছিলেন জম্মু-কাশ্মীরে কংগ্রেস কার্যত ধ্বংস। আর এই ধ্বংসের জন্য দায়ী রাহুল গান্ধী।

কি হয়েছে গুলাম নবী আজাদের পদত্যাগের পর?

গুলাম নবী আজাদের পদত্যাগের পর জম্বু কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তারা চাঁদ ,প্রাক্তন মন্ত্রী আব্দুল মজিদ ওয়ানি, মনোহর লাল শর্মা ,ঘরু রাম, প্রাক্তন বিধায়ক বলওয়ান সিং সহ আরও একাধিক কংগ্রেস নেতৃত্ব এক সাংবাদিক সম্মেলন করে জানান তারা ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর কাছে একটি যৌথ পদত্যাগ পত্র পাঠিয়েছেন এবং তারা পদত্যাগ করছেন গুলাম নবী আজাদের সমর্থনে।

পরিস্থিতির বদল

প্রায় ৫১ জন কংগ্রেস নেতা জম্মু-কাশ্মীর কংগ্রেস থেকে পদত্যাগ করার পরই পরিস্থিতির বদল ঘটে জম্মু-কাশ্মীরে। ইতিমধ্যে কংগ্রেস ছেড়েছেন প্রায় ৬৪ জন কংগ্রেস নেতা। প্রাক্তন মন্ত্রী ,বিধায়ক ,এক ডজনের বেশি বিশিষ্ট কংগ্রেস নেতা, পঞ্চায়েতিরাজ নেতা ,শতাধিক পৌরসভার সদস্য ,জেলা ও ব্লক স্তরের নেতারা ইতিমধ্যেই আজাদের সমর্থনে কংগ্রেস ছেড়েছেন এবং ছাড়তে চলেছেন।

কি হবে আজাদের পরবর্তী পদক্ষেপ

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে গুলাম নবী আজাদ তৈরি করতে চলেছেন এক নতুন রাজনৈতিক দল। সেই দল আঞ্চলিক স্তরের অথবা জাতীয় স্তরের হতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। কংগ্রেস ছেড়ে আসা প্রাক্তন মন্ত্রী ,বিধায়ক ,জেলা এবং ব্লক স্তরের নেতারাও যোগ দিতে পারেন গুলাম নবী আজাদের এই রাজনৈতিক দলে।

বিশেষজ্ঞদের অন্য মত

আবার কিছু বিশেষজ্ঞদের মতে বিগত বেশ কিছুদিন ধরেই গুলাম নবী আজাদের মুখে শোনা যাচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্তুতি । একাধিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন গুলাম নবী আজাদ ।আর সেক্ষেত্রেই বিশেষজ্ঞরা মনে করছেন আগামী দিনে কংগ্রেস ছেড়ে আসা নিজের ঘনিষ্ঠ নেতা, মন্ত্রী এবং কর্মীদের নিয়ে বিজেপিতে যোগদান করতে পারেন গুলাম নবী আজাদ।

সে ক্ষেত্রে কি হতে পারে?

সেক্ষেত্রে কংগ্রেস ছেড়ে আরো বহু নেতা গুলাম নবী আজাদের নতুন রাজনৈতিক দলে যোগদান করতে পারে। যদি গুলাম নবী আজাদ নতুন রাজনৈতিক দল তৈরি করেন। সেক্ষেত্রে কংগ্রেসের রক্তক্ষরণ আরো বৃদ্ধি হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

অন্যদিকে যদি গুলাম নবী আজাদ বিজেপিতে যোগদান করেন। সে ক্ষেত্রেও কংগ্রেস ছেড়ে আসা প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, জেলা এবং ব্লক স্তরের নেতারাও বিজেপিতে যোগদান করতে পারেন।। আরো সমৃদ্ধ হতে পারে জম্মু-কাশ্মীরের বিজেপি। ফলে সেই সময় সমৃদ্ধশালী বিজেপিতে কংগ্রেসের আরো বহু নেতা যোগদান করার সম্ভাবনা তৈরি হবে।

কংগ্রেসের জম্মু-কাশ্মীরে আরো দুর্বল হওয়ার সম্ভাবনা ইতিমধ্যেই তৈরি হয়েছে গুলাম নবী আজাদ এবং ৫১ জন নেতার পদত্যাগে। গুলাম নবী আজাদ নতুন দল করলে অথবা বিজেপিতে গেলে কংগ্রেসের আরও ধরাশায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

About Post Author