Home » সোশ্যাল মিডিয়ায় দেশ বিরোধী পোস্ট, ৪৫ বছরের কারাদণ্ড সৌদি মহিলার

সোশ্যাল মিডিয়ায় দেশ বিরোধী পোস্ট, ৪৫ বছরের কারাদণ্ড সৌদি মহিলার

সময় কলকাতা ডেস্কঃ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ‘দেশের স্বার্থ ক্ষুণ্ণ’ করার অভিযোগে ৪৫ বছরের কারাদণ্ডের সাজা পেলেন সৌদি আরবের এক মহিলা! নৌরা বিন সাইদ আল-কাহতানি নামের ওই মহিলা সৌদি আরবের বৃহত্তম আদিবাসী সম্প্রদায়ের মানুষ। সংবাদমাধ্যম ফক্স নিউজ সূত্রে খবর, নূরহ আল-কাহতানি নামে ওই মহিলার বিরুদ্ধে সোস্যাল মিডিয়া ব্যবহার করে দেশের সামাজিক কাঠামোকে ছিঁড়ে ফেলার অভিযোগ আনা হয়েছে। ওই মহিলাকে সন্ত্রাসবাদ মোকাবিলা এবং সাইবার ক্রাইম বিরোধী আইনে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে। যদিও ওই মহিলার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের কোনও অভিযোগ ছিল না, বলে দাবি করেছে ফক্স নিউজ। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বার এই ধরনের ঘটনা ঘটল সৌদি আরবে।

দেশের রাজনৈতিক ও জাতীয় সুরক্ষাব্যবস্থা দেখভালের দায়িত্ব যে আদালতের ওপর রয়েছে, তারাই এই সাজা ধার্য করেছে। ওই মহিলা অবশ্য আদালতে তাঁর সাজা কমানোর জন্য আবেদন জানানোর পরেই এই রায় দেয় আদালত। ‘সমাজের সংহতি নষ্ট’ করার দায়ে আল-কাহতানিকে অভিযুক্ত করেন বিচারকেরা। চার্জশিটে তাঁর সোশ্যাল মিডিয়া ব্যবহারের দিকে আঙুল তোলা হয়েছে। যদিও, এই ব্যাপারে সৌদি সরকারের আধিকারিকরা কোনও মন্তব্য করতে চাননি।

কয়েকদিন আগেই প্রায় একইরকম অভিযোগে ৩৪ বছরের কারাদণ্ডের সাজা পেয়েছিলেন সালমা আল-শেহাব। লিডস বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়ার সাজার ঘোষণায় কয়েকদিন আগে নড়েচড়ে বসেছিল বিশ্ব। তারই মধ্যে ওই মহিলার ৪৫ বছরের কারাদণ্ডের শাস্তি সামনে আসার পরই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলি।

About Post Author