Home » ভয়াবহ বিস্ফোরণ কলম্বিয়ায়, নিহত ৮ পুলিশকর্মী

ভয়াবহ বিস্ফোরণ কলম্বিয়ায়, নিহত ৮ পুলিশকর্মী

সময় কলকাতা ডেস্ক : ভয়াবহ বিস্ফোরণ কলম্বিয়ায়। এই বিস্ফোরণে নিহত আটজন পুলিশকর্মী। ‘কমিউনিস্ট’ গেরিলারা এই আক্রমণ করেছে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও গেরিলা সংগঠন। এই হামলার পেছনে রয়েছে ২০১৬ সালে শান্তির পথে ফিরে আসা কমিউনিস্ট সশস্ত্র সংগঠন (FARC)-এর আলোচনা বিরোধী একটি অংশ বলে মনে করছে নিরাপত্তা সংস্থাগুলি। যদিও এই হামলার পেছনের কি কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। এই হামলায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে কলম্বিয়া জুড়ে।

সূত্রের খবর, শুক্রবার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন পুলিশকর্মীরা। হুইলা শহরে ছিল সেই অনুষ্ঠান। সেখান থেকে ফেরার পথেই তাঁদের উপর হামলা চালায় গেরিলারা। তাঁদের গাড়ি লক্ষ্য করে মাইন বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা।

সম্প্রতি কলম্বিয়ার প্রেসিডেন্ট পদে বসেছেন গুস্তাভো পেত্রো। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে টুইট করেছেন। টুইটারে তিনি লেখেন, দেশের শান্তি প্রক্রিয়া ভেঙে দেওয়ার জন্যই এমন ষড়যন্ত্র করা হচ্ছে। বিস্ফোরণে যে ৮ জন পুলিশ নিহত হয়েছেন, কলম্বিয়া সরকার তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। উল্লেখ্য, পেত্রোর দায়িত্বে থাকাকালীন সময়ে এটিই দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর সবচেয়ে বড় হামলা।

About Post Author