সময় কলকাতা ডেস্কঃ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য অথবা বিস্তীর্ণ দুপারে আবার আমি এক যাযাবর এইসব কালজয়ী গান যার কণ্ঠে বারবার মানুষের হৃদয়কে তোলপাড় করেছে, বেঁচে থাকলে সেই মানুষটিরই বয়স হত ৯৬ বছর। বাংলা, অসমিয়া এবং হিন্দি ভাষার জনপ্রিয় শিল্পী ছিলেন ভূপেন হাজারিকা।
তাঁর কণ্ঠে সুরের মূর্ছনায় মানবতাবাদী সঙ্গীত মন ছুঁয়ে গেছে সঙ্গীতপ্রেমীদের। বৃহস্পতিবার ‘ভারতরত্ন’ ভূপেন হাজারিকার জন্মবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধা জানায় গুগল। এদিন, গুগল ডুডলে দেখা গেল হারমোনিয়াম বাজাচ্ছেন ভূপেন হাজারিকা। মুম্বইনিবাসী শিল্পী ঋতুজা মালি-র তৈরি এই ইলাস্ট্রেশন মন কাড়ছে সবার। একদিকে কবি, অন্যদিকে গায়ক, সঙ্গীত পরিচালক এবং চলচ্চিত্র পরিচালক- ভূপেন হাজারিকার কর্মজগতের ব্যাপ্তি অনেকখানি।
উত্তর-পূর্ব ভারতের এই কিংবদন্তি শিল্পী অসমিয়া লোকগানকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন নিজ দক্ষতায়। গানের মাধ্যমে গল্প বলার এক অসাধারণ দক্ষতা ছিল তাঁর। আনন্দ, দুঃখ, বিরহ-মিলন, প্রেম, একাকীত্ব-র মতো আবেগের কথা বলে তার গান । তাঁর বর্ণময় কেরিয়ারে বহু স্বীকৃতি এবং সম্মান পেয়েছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার, সঙ্গীত নাটক আকাদেমি অ্যাওয়ার্ড, পদ্মশ্রী (১৯৭৭), দাদাসাহেব ফালকে পুরস্কার (১৯৯২), পদ্ম ভূষণ (২০০১)-এর মতো পুরস্কার। তাঁকে মরণোত্তর পদ্মবিভূষণ (২০১১) এবং ভারতের সর্বোচ্চনাগরিক সম্মান ভারতরত্ন (২০১৯) দিয়ে সম্মানিত করা হয়।

২০১১ সালের ৫ই নভেম্বর মাল্টি-অর্গ্যান ফেলিউরের কারণে মুম্বইয়ে মৃত্যু হয় এই প্রবাদপ্রতিম শিল্পীর। অসমে তাঁর শেষকৃত্যে যোগ দিয়েছিলেন প্রায় ৫ লক্ষমানুষ। সুরের ভেলায় ভাসতে ভাসতে জীবনকে খুঁজে নেওয়ার শিক্ষা দিয়েছেন তিনি। দিয়েছেন মানুষকে ভালোবাসার বার্তা- তাই দেশবাসীর অন্তরে আজীবন গেঁথে থাকবেন সুরের যাযাবর।


More Stories
কেক কেটে ঈদ উদযাপন
রবীন্দ্র জন্মদিন : মোদি ও মমতার কবিগুরু স্মরণ
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা