সময় কলকাতা ডেস্কঃ অক্টোবর মাস থেকেই ৫জি পরিষেবা শুরু করবে জিও। আপাতত দিল্লি, মুম্বই, চেন্নাই ও কলকাতা এই চারটি শহরেই মিলবে এই ৫জি পরিষেবা। রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি ইতিমধ্যেই ঘোষণা করেছেন দিওয়ালির সময় থেকেই ওই পরিষেবা শুরু হয়ে যাবে। তবে,হাইস্পিড ওই ইন্টারনেট পরিষেবা পেতে গেলে আপনার ৫জি স্মার্টফোন থাকতেই হবে। এই পরিষেবা পেতে গেলে আপনার ফোনে সেই নেটওয়ার্কের সাপোর্ট থাকতে হবে। জেনে নিন কী করে চেক করবেন আপনার ফোনে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করবে কিনা?
১.আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে যান।
২.এবার ‘ওয়াই ফাই অ্যান্ড নেটওয়ার্কে’ যান।
৩.‘সিম অ্যান্ড নেটওয়ার্ক’ অপশনে ঢুকুন।
৪.এবার ‘প্রেফার্ড নেটওয়ার্ক টাইপে’ ঢুকুন।
৫.যদি আপনার ফোনে ৫জি সাপোর্ট করে, তাহলে ২জি/৩জি/৪জি/৫জি দেখাবে। নাহলে বুঝতে নিতে হবে আপনার ফোনে ৫জি পরিষেবা মিলবে না।
সেক্ষেত্রে আপনার ফোনে ৫জি সাপোর্ট না থাকলে গাঁটের কড়ি খরচ করেই ৫জি ফোন কিনে হাইস্পিড নেটওয়ার্কের সুবিধা নিতে হবে আপনাকে। ইতিমধ্যেই শাওমি, ওয়ান প্লাস, রিয়েলমি, সামসুং ও অন্যান্য সংস্থাগুলি নানা মূল্যের ৫জি স্মার্টফোন আনার কথা জানিয়েছে। এর মধ্যে রিয়েলমি ও লাভার মতো সংস্থাগুলি ইতিমধ্যেই ১০ হাজার টাকার চেয়েও কম দামে ৫জি স্মার্টফোন আনার কথা ঘোষণা করেছে।
উল্লেখ্য,কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী ৫জি স্পেকট্রামের সবচেয়ে বেশি বরাত পেয়েছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন,স্পেকট্রাম নিলাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কয়েক দিনের মধ্যেই নিলাম বরাদ্দের কাজ শেষ করা হবে। তাঁর আশা আগামী একবছরের মধ্যে দেশে ৫জি পরিষেবা ছড়িয়ে পড়বে।

জানা গিয়েছে, ৮৮ হাজার ৭৮ কোটি টাকার বরাত পেয়েছে রিলায়েন্স জিও। নিলামে মুকেশ আম্বানির সঙ্গে প্রতিযোগিতায় ছিলেন শিল্পপতি গৌতম আদানি। তিনি পেয়েছেন ২১২ কোটি টাকার বরাত,যা এক শতাংশেরও কম। নিলামের বিষয়ে টেলিকম মন্ত্রী জানিয়েছেন, সরকার যে ৫জি স্পেকট্রাম দিয়েছে তার মধ্যে ৭১ শতাংশ স্পেকট্রাম বিক্রি হয়েছে। গত ২৬ জুলাই থেকে ৫জি স্পেকট্রামের নিলাম শুরু হয়ে গিয়েছে। সরকার ব্লকে মোট ৭২.০৯৮ মেগাহার্টজ স্পেকট্রাম রেখেছিল, যার মধ্যে ৫১,২৩৬ মেগাহার্টজ স্পেকট্রাম বিক্রি হয়েছে ও মোট ১,৫০,১৭৩ কোটি টাকার বিড করা হয়েছে। সূত্রের খবর, আগামী ১০ অগাস্টের মধ্যে স্পেকট্রাম বরাদ্দ শেষ হবে।.


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
বেজি কি সাপের বিষে কাবু হয় না?