পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : বিমল কর, বাংলা সাহিত্যে এক চিরস্মরণীয় নাম। সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর বহুমুখী লেখক প্রতিভা বারবার ফুটে উঠেছে।দীর্ঘ সাহিত্য জীবনের অবসান ঘটে ২০০৩ সালে যখন তিনি অমৃতলোকের যাত্রী হন ।তাঁর পাঠক তবুও আজ তাঁকে, তাঁর লেখাকে ছেড়ে যায় নি। বাংলা সাহিত্যে তাঁর অবদান বলে শেষ করা যায় না যদিও তিনি অনেকটাই অনুচ্চারিত।আজ তিনি বেঁচে থাকলে তাঁর একশো এক বছর বয়স হত। ১৯ সেপ্টেম্বর তাঁর ১০২তম জন্মদিন। উত্তর চব্বিশ পরগণার টাকিতে তাঁর জন্ম। ছোটবেলা কেটেছে হাজারিবাগ সহ বর্তমান ঝাড়খন্ডের বিভিন্ন অঞ্চলে ফলে তাঁর অনেক লেখায় বিশেষত কিশোরদের জন্য রচনায় ঝাড়খন্ডের বিভিন্ন অঞ্চল ঘুরে ফিরে আসে। তিনি সাহিত্যের প্রায় সব শাখায় সিদ্ধহস্ত ছিলেন যদিও বাংলা সাহিত্যে তাঁর কবি প্রতিভার সাক্ষর মেলে না তবুও তাঁর গদ্য সাহিত্যে প্রাঞ্জল বর্ণনা ছিল কবিতার মত।
১৯৪২ এ কর্মজীবন শুরু হলেও পরবর্তীতে গতানুগতিক চাকরি ছেড়ে পত্র পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ শুরু করেন। পরাগ, সত্যযুগ সহ একাধিক পত্রিকার সহ সম্পাদক হওয়ার পরে দীর্ঘ সময় দেশ পত্রিকার বিভাগীয় প্রধান ছিলেন।
১৯৭৫ সালে অসময় উপন্যাসের জন্য অ্যাকাডেমি পুরস্কার ছাড়াও দুবার আনন্দ পুরস্কার পেয়েছিলেন বিমল কর। ছোটোগল্পে কার্যত এক অন্য মাত্রা ছড়িয়ে দিয়েছিলেন তিনি। ‘বরফ সাহেবের মেয়ে ‘তাঁর প্রথম গল্পগ্রন্থ।
অনেকেই নিশ্চিতভাবে তাঁর বিভিন্ন উপন্যাসের সঙ্গে পরিচিত। তাঁর বালিকাবধূ,খড়কুটো,পূর্ন অপূর্ন, অসময়, অপরাহ্ন সহ তাঁর লেখা বহু উপন্যাস বাংলা সাহিত্যের সম্পদ। তাঁর অধিকাংশ লেখা যেন জীবনের জলছবি।
কিশোরদের জন্য কিকিরা বা কিঙ্কর কিশোর রায়ের তদন্তধর্মী লেখার জন্য সুপরিচিত হলেও কিশোর ফিরে এসেছিল বা অলৌকিক রাজবাড়ির মত বহু অলৌকিক এবং অনাবিস্কৃত জগতের সন্ধানবাহী লেখা উপহার দিয়েছেন যা বড়দেরও ভালো লাগতে বাধ্য।

থ্রিলার সাসপেন্স বা অপরাধকেন্দ্রিক লেখাকে তাঁর মুন্সিয়ানা দিয়ে পাঠকদের সামনে তুলে ধরতে তিনি ছিলেন অদ্বিতীয়। চন্দ্রগিরির রাজকাহিনী বা রত্ননিবাসে তিন অতিথি -এরকমই দুটি উপন্যাস।
উড়োখই নামে এক আত্মজীবনীমূলক রচনা তিনি রেখে গেছেন পাঠকের জন্য।আর একটি কথা না বললে তাঁর সম্পর্কে কথিকা সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যাবে। বালিকা বধূ, বসন্তবিলাপ, ছুটি (খড়কুটো অবলম্বনে ) উল্লেখযোগ্য হলেও আরও অনেক বিখ্যাত চলচ্চিত্রর মুল রচনাই বিমল করের। তাঁর জন্মদিনে এই অসামান্য সাহিত্যিককে সময় কলকাতার তরফে প্রণাম…


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
চলে গেলেন শংকর
প্রাণের অভাব নাকি বই বিক্রির রেকর্ড? বইমেলার প্রাপ্তি -অপ্রাপ্তি নিয়ে কী বলছেন লেখক-প্রকাশকরা?