Home » ক্যামাক স্ট্রিটের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড!

ক্যামাক স্ট্রিটের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড!

সময় কলকাতা ডেস্কঃ পুজোর আগে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার গভীর রাতে ভয়ঙ্কর আগুন লাগে কলকাতার প্রাণকেন্দ্রে। জানা গিয়েছে, ক্যামাক স্ট্রিটের একটি পানশালায় সোমবার  রাত ৩ টে নাগাদ ধোঁয়া দেখতে পান কর্মীরা। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। মাঝ রাতে ক্যামাক স্ট্রিট এলাকায় আতঙ্ক তৈরি হয়। ঘটনাস্থলে আসে ১০টি দমকলের ইঞ্জিন।

ক্যামাকস্ট্রিটের ওই এলাকা অপেক্ষাকৃত ঘিঞ্জি। তাই আগুন যাতে বেশি ছড়িয়ে না পড়ে, তা নিয়ে শুরু থেকেই অতি সতর্ক ছিল দমকল বাহিনী। প্রবল তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্যামাক স্ট্রিটে ওই পানশালার বিপরীতেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর। ভোরের মধ্যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। ওই পানশালার পিছনেই রয়েছে বেশি কিছু বাড়ি। আগুন ছড়ালে আরও বড় বিপদ ঘটতে পারত বলে আশঙ্কা করছিলেন দমকল কর্মীরা। দমকলের দাবি, ভিতরে কেউ ছিলেন না। বাইরে থেকে তালা বন্ধ অবস্থাতে ছিল ওই পানশালা।

জানা গিয়েছে, পানশালায় অ্যালকোহল মজুত ছিল। সেই ঘরে আগুন ছড়ালে দুর্ঘটনা ভয়াবহ হতে পারত। দমকলকর্মীদের তৎপরতায় সেই বিপদ এড়ানো গিয়েছে। কী কারণে আগুন, এখনও নিশ্চিত করে বলা যায়নি। রান্নাঘর থেকে আগুন লেগে থাকতে পারে নতুবা শকসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের।

প্রসঙ্গত, সোমবার হাওড়া ময়দানের একটি ব্যাগের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। দাউদাউ করে জ্বলতে শুরু করে দোকান। ঘটনাস্থলে আসে দমকলের ৮টি ইঞ্জিন।

About Post Author