সময় কলকাতা ডেস্কঃ বহুদিন ধরেই বিতর্ক চলছে সমস্ত টেলিকম সংস্থার ২৮ দিনের প্ল্যান-এর বিষয়টি নিয়ে। এই পরিস্থিতিতে নয়া নির্দেশ দিল ট্রাই। এবার ২৮ দিন নয়, রিচার্জের মেয়াদ হতে হবে ৩০ দিনের। রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া ইত্যাদি টেলিকম সংস্থাগুলিকে এমনটাই নির্দেশ দিল কেন্দ্রীয় সংস্থা। ইতিমধ্যেই টেলিকম সংস্থাগুলিকে নিজেদের প্ল্যান পালটানোর জন্য ৬০ দিন সময় দেওয়া হয়েছে।
এতদিন ন্যূনতম প্ল্যান থাকত ২৮ দিনের। এই নিয়ে গ্রাহকদের দীর্ঘ দিন ধরেই অভিযোগ ছিল। এর ফলে বছরে ১২টির জায়গায় ১৩টি রিচার্জ করতে হত। এর আগে জানুয়ারি মাসেই এমন এক নির্দেশ দিয়েছিল ট্রাই। জানিয়েছিল, প্রিপেড মাসিক প্ল্যান ৩০ দিনের রাখাটা বাধ্যতামূলক। তবুও টেলিকম সংস্থাগুলি ২৮ দিনেরই প্ল্যান কার্যকর রেখেছিল। অবশেষে এই প্ল্যানটি বন্ধ করতেই ট্রাইয়ের এই নির্দেশ।

জানা গিয়েছে, রিলায়েন্স জিও’র ৩০ দিনের প্ল্যান ২৫৯ টাকার। এতে দৈনিক ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কল, দৈনিক ১০০ এসএমএস ও জিও অ্যাপসের সাবস্ক্রিপশনের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও ২৯৬ টাকায় একটি প্ল্যান রয়েছে। ৩০ দিনের ভ্যালিডিটর ওই প্ল্যানে মোট ২৫ জিবি ডেটা, আনলিমিটেড কল ও দৈনিক ১০০ এসএমএসের সুবিধা পাওয়া যাবে।
ভারতীয় এয়ারটেলের ১২৮ ও ১৩১ টাকার দুটি প্ল্যান রয়েছে ৩০ দিনের। এতে লোকাল ও এসটিডি কল ২.৫ পয়সা প্রতি সেকেন্ডে, ৫০ পয়সা প্রতি এমবি ডেটা ও এসএমএস পাওয়া যায়। ১৩১ টাকায় এক মাসেরই ভ্যালিডিটি থাকে।

ভোডাফোন আইডিয়ার ৩০ দিনের প্ল্যান রয়েছে ১৩৭ টাকার। এতে ১০ লোকাল নাইট মিনিটস, ২.৫ পয়সা প্রতি সেকেন্ডের কল, ১ ও ১.৫ টাকার লোকাল ও এসটিডি এসএমএসের বেনিফিট পাওয়া যায়। এছাড়া ১৪১ টাকা রিচার্জ করলে ১ মাসের ভ্যালিডিটি পাওয়া যাবে।


More Stories
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ায় ভারতের ক্রেতা-উপভোক্তাদের কী কী সুবিধা হল? দাম কমবে কোন কোন জিনিসের?
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ