সময় কলকাতা ডেস্ক: পুজো আর মাত্র কিছু দিনের অপেক্ষা। উৎসবের আনন্দে মাতবে বাঙালি। তবে এবার পুজোয় রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের প্রভাবে পুজোর সময় বৃষ্টি হতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
পূর্বাভাস বলছে, মঙ্গলবার আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৭ শতাংশ। উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। আপাতত অপরিবর্তিত থাকবে তাপমাত্রা।
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে খুব বেশি বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস । দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য মৎস্যজীবীদের ২১ তারিখ থেকে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাঁরা সমুদ্রে রয়েছেন তাঁদের মঙ্গলবারের মধ্যে ফিরে আসার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!