Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্ক: আর মাত্র কিছু দিন পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব। উৎসবের আনন্দে মাতবে বাঙালি। তবে এবার পুজোয় রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের জেলার তুলনায় ওড়িশাতে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের প্রভাবে পুজোর সময় বৃষ্টি হতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

পূর্বাভাস বলছে, বুধবার পরিস্কার থাকবে কলকাতার আকাশ। আংশিক মেঘলা আকাশ থাকবে কোন কোন জায়গায়। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৭ শতাংশ। উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। আপাতত অপরিবর্তিত থাকবে তাপমাত্রা।

হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে খুব বেশি বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার সব জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার অপরিবর্তিত থাকবে। ২১ তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।

অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

About Post Author