Home » চতুর্থ দিনেও বিক্ষোভ অব্যহত কুড়মিদের

চতুর্থ দিনেও বিক্ষোভ অব্যহত কুড়মিদের

সময় কলকাতা ডেস্কঃ চতুর্থ দিনেও বিক্ষোভ অব্যহত কুড়মি সম্প্রদায়ের। রীতিমতো উৎসবের মেজাজে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে কুড়মিরা। পুরুলিয়ার কুস্তাউড়, ঝাড়গ্রামের  খেমাশুলি রেল স্টেশনে চলছে অবরোধ। সঙ্গে ধামসা-মাদল বাজিয়ে নাচগান, আর খাওয়া দাওয়া। পাশাপাশি, সড়ক অবরোধের জেরে চরম দুর্ভোগে যাত্রীরা । দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ।

বৃহস্পতিবার রাতে ফের ২১টি ট্রেন বাতিল ও ছ’টি ট্রেন ঘুরপথে চালানোর কথা আগাম জানিয়ে দিয়েছে রেল। শুক্রবার সকাল থেকে ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেন হাওড়া, সাঁতরাগাছি, খড়গপুর থেকে রওনা হয়ে আদ্রা পর্যন্ত যাচ্ছে। আদ্রা ডিভিশন সূত্রে খবর, অবরোধের প্রথম দিনে ২২টি, দ্বিতীয় দিন ৬২টি, তৃতীয় দিন ১১১ টি ট্রেন বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, তপশিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন সামিল হয়েছিল কুড়মি মাহাতো সম্প্রদায়ের সামাজিক সংগঠনগুলি। মঙ্গলবার থেকে একাধিক দাবিতে রেল অবরোধে সামিল হয় কুড়মি সম্প্রদায়। ফলে মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ব্যাহত রেল পরিষেবা। এমনকী ব্যাহত যান চলাচলও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় ব়্যাফ। এই আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরুলিয়া ও ঝাড়গ্রামেও। কুড়মি জাতিকে তপশিলি উপজাতি হিসেবে তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা, সারণা ধর্মের কোড চালু করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ কর্মসূচি নিয়েছিল আদিবাসী কুড়মি সমাজ। কুড়মালি ভাষায় যে কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘রেল টেকা ও ডহর ছেঁকা’। তাদের দাবি, যতদিন না পর্যন্ত তাদেরক দাবি মানা হচ্ছে ততক্ষণ রেললাইন এবং জাতীয় সড়ক অবরুদ্ধ থাকবে।

About Post Author