Home » ফেসবুকে বিদায়ী পোস্ট তৃণমূল বিধায়ক সমীর পাঁজার

ফেসবুকে বিদায়ী পোস্ট তৃণমূল বিধায়ক সমীর পাঁজার

সময় কলকাতা ডেস্কঃ এবার সোশ্যাল মিডিয়ায় করা পোস্টের মাধ্যমে দল ছাড়ার ইঙ্গিত দিলেন হাওড়ার উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা। দীর্ঘ ৩৮ বছর ধরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক নিষ্ঠ কর্মী হিসাবে থাকা সমীর পাঁজার সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট ঘিরে ঝরে পড়েছে একরাশ অভিমান।

তৃণমূল বিধায়কের ফেসবুকে করা পোস্টে তিনি জানিয়েছেন,’এই দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বা তার মত দলে পুরনো দিনের কর্মীরা সেই ভাবে কোন গুরুত্বই পাননি। আর তার এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে জল্পনা। এর আগেও নব্য-পুরনো তৃণমূলের নেতা-মন্ত্রীদের নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা গিয়েছিল শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীকান্ত মাহাতোকে। সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগেই বিধায়কের এহেন পোস্টের জেরে রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছে শাসক দল।

ফেসবুক পোস্টে বিধায়ক সমীর পাঁজা লেখেন,‘হ্যাঁ, আমার এই মহান নেত্রী আছেন বলেই, আমি আজও তৃণমূল দল ছেড়ে যাইনি। কারণ কত ঝড়ঝাপটা পেরিয়ে, নানান ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থেকে ৩৮টা বছর মহান এই নেত্রীর সঙ্গে একজন সৈনিক হিসেবে কাজ করতে করতে, এখন বড়ই বেমানান লাগছে নিজেকে। কারণ আজ অবধি মিথ্যা নাটক করে দলীয় নেতৃত্বের কাছে ভালো সেজে, একটা মেকি লিডার হতে চাই না আমি। নাহলে কবেই টা টা বাই বাই করে দল ছেড়ে চলে যেতাম আমি। আমার মতো অবিভক্ত যুব কংগ্রেসের আমল থেকে যারা আছে, তারা আদৌ কোনও গুরুত্ব পাচ্ছে কি বর্তমানে….? তাই আর কি, আমার যাবার সময় হল, দাও বিদায়!’

About Post Author