সময় কলকাতা ডেস্কঃ মিঠুন চক্রবর্তী বালুরঘাটে আসার আগেই শহরের বিভিন্ন জায়গায় বিজেপির লাগানো ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাটে। রবিবার সকালেই কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেসে মালদহ পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। জেলা বিজেপির কার্যকর্তারা তাঁদের স্বাগত জানানোর জন্য মালদহ স্টেশনে আগেই পৌঁছে গিয়েছিলেন। সেখানে ছিলেন উত্তর মালদহ বিজেপি সাংসদ খগেন মুর্মু। এদিনই মালদহ থেকে বালুরঘাট যাবেন মিঠুন চক্রবর্তী। সেখানে একটি পুজোর উদ্বোধন করবেন তিনি।
জানা গিয়েছে, বালুরঘাটের ট্যাঙ্ক মোড় থেকে পাওয়ার হাউস পর্যন্ত পুরসভার ল্যাম্পপোস্টে জেলা বিজেপির তরফে মিঠুন চক্রবর্তী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ফ্লেক্স লাগানো হয়েছিল। কিন্তু শনিবার সন্ধ্যা থেকেই সেই ফ্লেক্স খুলে ফেলার চেষ্টা করে বালুরঘাট পুরসভা ও পুলিশ প্রশাসন। বিষয়টি প্রকাশ্যে আসতেই বাধা দিয়েছিল বিজেপি। বিজেপির অভিযোগ,শাসক দল ও পুলিশ প্রশাসন নোংরার রাজনীতি করছে। প্রথমে মিঠুন চক্রবর্তীকে রুম দেওয়া হয়নি বালুরঘাটের সরকারি সার্কিট হাউসে। সার্কিট হাউসের সব ঘর বুকড বলেই শাসকদলের তরফে জানানো হয়। যা নিয়ে প্রতিবাদ জানায় বিজেপি। এরপর রবিবার সকালে কোথাও সম্পূর্ণ ফ্লেক্স, আবার কোথাও অর্ধেক ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয় বলেই অভিযোগ ওঠে। এ বিষয়ে জেলা বিজেপির তরফে বালুরঘাট থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়।
ইতিমধ্যেই পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট থানার পুলিশ।

অন্যদিকে শনিবার সকালেও মিঠুন চক্রবর্তীর বালুরঘাটে সরকারি সার্কিট হাউস না পাওয়া নিয়ে সরব হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদিও সরকারি সার্কিট হাউসে ঘর না থাকায় তা দেওয়া সম্ভব হয়নি বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। সূত্রের খবর, মালদার একটি বেসরকারি হোটেলে থাকবেন মিঠুন চক্রবর্তী।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর