Home » বন্দুকবাজের হামলা রাশিয়ায়! নিহত ৬,আহত ২০

বন্দুকবাজের হামলা রাশিয়ায়! নিহত ৬,আহত ২০

সময় কলকাতা ডেস্কঃ ফের বন্দুকবাজের হামলা। রাশিয়ার একটি স্কুলে বন্দুকবাজের হামলায় ৬ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। জখম হয়েছে ২০ জনের বেশি পড়ুয়া। হামলার পরেই অভিযুক্ত বন্দুকবাজ আত্মহত্যা করে বলে জানিয়েছে রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রুশ প্রশাসন। জখম পড়ুয়াদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। ঘটনার পরই স্কুলটি খালি করে দেওয়া হয়। সেই সঙ্গে পুরো এলাকা ব্যারিকেড করে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

জানা গিয়েছে, সোমবার কাজানের একটি স্কুল চলাকালীন এক অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজ স্কুলটিতে ঢুকে পড়ে। এরপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এদিন ঠিক কি কারণে এমন ঘটনা ঘটল, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে আর কেউ যুক্ত কিনা, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

কিছুদিন আগেও এক বন্দুকবাজের হামলায় টেক্সাসের একটি স্কুলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ১৯ জন পড়ুয়া সহ ২১ জনের। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে টেক্সাসে। যদিও হামলার পরই পুলিশের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিযুক্ত বন্দুকবাজের। নিহত পড়ুয়াদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে দেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

About Post Author