Home » তদন্তে অসহযোগিতা করলে মানিককে গ্রেফতারের অনুমতি আদালতের

তদন্তে অসহযোগিতা করলে মানিককে গ্রেফতারের অনুমতি আদালতের

সময় কলকাতা ডেস্কঃ প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে মঙ্গলবার রাত ৮ টার মধ্যে সিবিআই অফিসে যাওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। ওএমআর শিট নষ্ট করার অভিযোগের কোন সদুত্তর পর্ষদ দিতে না পারায় মঙ্গলবার এমনই নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

২০১৪ সালের টেট পরীক্ষার ওএমআর শিট নষ্ট করার যে অভিযোগ উঠেছে, সেই মামলায় জেরা করতেই মানিককে সিবিআই দফতরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তদন্তে অসহযোগিতা করলে মানিককে গ্রেফতার করা হতে পারে বলেও জানিয়ে দেয় আদালত। এক মাসের মধ্যে অর্থাৎ ১ নভেম্বর সেই তদন্তের রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, টেট দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে মানিক ভট্টাচার্যের। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে বেশ কিছু নথি জমা দিতে বলেছিল আদালত। সেই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘মানিক ভট্টাচার্য যে নথি জমা করেছে তা ভুয়ো। মানিকবাবুর কাছে ২০১৭ সালের নথি চাওয়া হয়েছিল। উনি ২০২২ সালে ভুয়ো নথি বানিয়ে আদালতে পেশ করেছেন।” এরপরই অবিলম্বে মানিকবাবুকে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে অপসারণের নির্দেশ দেন তিনি।

About Post Author