Home » পিএফআইকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করল কেন্দ্র

পিএফআইকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করল কেন্দ্র

সময় কলকাতা ডেস্কঃ ইসলামিক সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। প্রাথমিকভাবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিলেও পরে পাঁচ বছরের জন্য এই উগ্র ইসলামিক সংগঠনকে নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, নিষিদ্ধ করা হয়েছে রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন, কেপস ফ্রন্ট অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল, ন্যাশনাল কনফেডারেশন অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন, ন্যাশনাল বুমস ফ্রন্ট, জুনিয়র ফ্রন্ট, এম্বাবর ইন্ডিয়া ফাউন্ডেশন এবং রিহ্যাব ফাউন্ডেশন। এনআইএ এবং ইডির অভিযোগ, এই আটটি সংগঠন পিএফআইয়ের সহযোগী। এরা একে অপরের ভাবধারা প্রচার করে। কেন্দ্রের নির্দেশ, এই সব সংগঠনগুলি নিজেদের নামে কোনও কর্মসূচি চালাতে পারবে না। এমনকী পারবে না অর্থ সংগ্রহ করতে এবং নিজেদের কোনও অফিস খুলতে।

সূত্রের খবর, দেশের প্রায় ১৭ রাজ্যে ঘাঁটি গেড়েছিল এই কট্টরপন্থী সংগঠন। ২৪ সেপ্টেম্বর তল্লাশি অভিযানে নেমে কয়েকশ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নেতা-কর্মীকে গ্রেফতারও করা হয়। সূত্রের খবর, গোটা দেশে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রায় ১৩০০ মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের বারাবাঁকিতে পিএফআই নেতা মহম্মদ নাদিমের ডেরা থেকে উদ্ধার হয়েছে আইইডি বিস্ফোরক তৈরি ম্যানুয়াল।

যদিও তদন্তকারীদের দাবি, ২০৪৭ সালের মধ্যে দেশে আইএসআইএস-এর কায়েদায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র করেছিল এই কট্টরপন্থী সংগঠন। তদন্তকারীদের হাতে তাদের ‘মিশন ২০৪৭’ সংক্রান্ত নথি, সিডি এসেছে। কার্যত সে কারণেই বুধবার সকালে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এবং তার সহযোগী সংগঠনগুলিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

About Post Author