সময় কলকাতা ডেস্কঃ আদালতে বড় ধাক্কা মেনকা গম্ভীরের। ইডির বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এই মামলার রায়ে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য শুক্রবার জানিয়েছেন,আদালত অবমাননার মতো কোনও কাজ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গত ১০ সেপ্টেম্বর ব্যাংকক যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে মেনকা গম্ভীরকে আটকানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় হাইকোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও দায়ের হয়। সেই মামলার শুনানিতে এদিন ইডির আইনজীবী জানান,‘যদি মেনকা গম্ভীরকে বিমান বন্দরে আটক করা হয়ে থাকে, তাহলে তা ঠিক হয়নি। তবে এটা ইচ্ছাকৃত নয়।’

প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে ইডির নজরে ছিল অভিষেকের স্ত্রী ও শ্যালিকার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন। সেই কারণেই অভিষেকপত্নী রুজিরা ও শ্যালিকা মেনকা গম্ভীরকে একাধিকবার তলব করা হয়েছিল। এর আগেও নোটিসে রাত ১২.৩০ ইডি দপ্তরে মেনকা গম্ভীরকে হাজিরা দেওয়ার কথা বলা হয়। তিনিও মাঝরাতেই গিয়েছিলেন হাজিরা দিতে। কিন্তু গিয়ে দেখেন ইডি অফিসে তালা ঝুলছে। পরে ইডি জানায় নোটিসে পিএম লিখতে গিয়ে ভুল করে এএম লেখা হয়েছিল। পরে নিজেদের ভুল স্বীকার করে ফের তাঁকে দুপুরে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর সন্ধ্যাবেলায় তিনি ইডি অফিস থেকে বেরিয়ে হাইকোর্টে ইডির বিরুদ্ধে মামলা দায়ের করেন মেনকা। সেই মামলারই শুনানি চলছিল।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের