Home » সিবিআই তদন্তের নির্দেশ বহালের পরই বিস্ফোরক দাবি তপন দত্তের স্ত্রী-র

সিবিআই তদন্তের নির্দেশ বহালের পরই বিস্ফোরক দাবি তপন দত্তের স্ত্রী-র

সময় কলকাতা ডেস্কঃ তপন দত্ত হত্যাকাণ্ডের ঘটনায় মন্ত্রী অরূপ রায় মূল চক্রান্তকারী ছিলেন। শুক্রবার এমনটাই দাবি করলেন তপন দত্তের স্ত্রী প্রতিমা দেবী। বালির পরিবেশবিদ তথা তৃণমূল নেতা তপন দত্ত হত্যা মামলায় বড় ধাক্কা রাজ্য সরকারের। এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারের করা আবেদন খারিজ হয়ে গেল। গত ৯ জুন তপন দত্ত হত্যা মামলার সমস্ত নথি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজ শেখর মান্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল রাজ্য সরকার। সেই আবেদনই খারিজ করে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। গত মাসেই নিহত তপন দত্তের বাড়িতে যান সিবিআইয়ের গোয়েন্দারা। পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন তাঁরা। তপন দত্তের মৃত্যুর দীর্ঘ প্রায় ১২ বছর পর নতুন করে তদন্তে নামে সিবিআই। আর এতেই খুশি তপন দত্তের পরিবার।

এ প্রসঙ্গে প্রতিমা দত্ত বলেন, ‘আমি তো এটাই চেয়েছিলাম। ১২ বছর ধরে আমি লড়াই করছি। শুধু লড়াই করে গিয়েছি। টাকা পয়সা, ভয়-ভীতি কোনও দিকে আমি তাকাইনি। আমি জানি এটা আমার প্রাপ্য ছিল, আর সেটা পেয়েছি।’ একইসঙ্গে তিনি বলেন, ‘এই মামলায় অরূপ রায় আসামী হিসেবে প্রমাণিত হবেন। তবে শুধুমাত্র তিনিই নন, তাঁর সঙ্গে ষষ্ঠী গায়েন, অসিত গায়েন সহ আর যাঁদের নাম রয়েছে তাঁরা সবাই দোষীসাব্যস্ত হবেন।’

২০১১ সালের ৬ মে। খুন হয়েছিলেন বালির তৃণমূল নেতা তপন দত্ত। জানা যায়, জলাভূমি ভরাট করার প্রতিবাদ করেছিলেন তপন দত্ত। অভিযোগ, তার জেরেই খুন হন তিনি। কাঠগড়ায় ছিলেন তৃণমূলেরই কয়েকজন নেতা-কর্মী। স্ত্রীয়ের দায়ের করা এফআইআরে নাম ছিল রাজ্যের মন্ত্রী অরূপ রায় সহ ১৩ জন নেতা-কর্মীর। তদন্তভার গ্রহণ করে সিআইডি। ২০১১ সালের ৩০ আগস্ট। মামলার প্রথম চার্জশিট পেশ করে সিআইডি। চার্জশিটে নাম ছিল রাজ্যের মন্ত্রী অরূপ রায়-সহ একাধিক নেতার। সে বছরই ২৬ সেপ্টেম্বর সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করে সিআইডি। কিন্তু, সেই চার্জশিটে কোনও কারণ ছাড়াই নাম বাদ দেওয়া হয় ৯ জনের। নাম ছিল না মন্ত্রী অরূপ রায়েরও। তবে কি হেভিওয়েট নেতা হওয়ার কারণে চার্জশিট থেকে বাদ গেল অরূপ রায়ের নাম? এই প্রশ্নই তুলেই সিবিআই তদন্তের দাবি জানান তপন দত্তের পরিবার।

About Post Author