Home » বাড়িতে বানিয়ে নিন ক্ষীরভরা বালুসাই

বাড়িতে বানিয়ে নিন ক্ষীরভরা বালুসাই

সময় কলকাতা ডেস্কঃ মিষ্টি খেতে ভালবাসেন না, এমন মানুষ বোধহয় খুব কমই রয়েছে। আর উৎসবের মরশুমে বাড়িতে অতিথিদের আনাগোনা লেগেই থাকে। এইসময় বাঙ্গালির শেষপাতে মিষ্টি থাকবে না,তা আবার হয় নাকি? আর সেই মিষ্টি যদি ঘরে বানানো হয়, তা হলে তো কথাই নেই। পুজোর আবহে অতিথিদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন মিষ্টি ক্ষীরভরা বালুসাই। আপনার জন্য রইল রন্ধন প্রণালী-
উপকরণ
ময়দা-৩০০ গ্রাম
চিনি-১৭৫ গ্রাম
বেকিং সোডা-আধ চা চামচ
দই-আধ কাপ
পেস্তা কুচি-১ টেবিল চামচ
ঘি-প্রয়োজন মতো
খোয়া ক্ষীর-১ কাপ
রন্ধন প্রণালী
প্রথমেই সামান্য নুন, বেকিং সোডা আর ময়দা একসঙ্গে মিশিয়ে চেলে নিতে হবে। তারপর দই নিয়ে তাতে ভাল করে ঘি মিশিয়ে নিতে হবে। এবার ঠান্ডা জল দিয়ে ভাল করে ময়দা মেখে নিন। এবার মেখে নেওয়া ময়দা একটি পাত্রে রেখে পাতলা কাপড়ে মুড়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। অন্য একটি পাত্রে চিনি জ্বাল দিয়ে রস তৈরি করুন। কিছুক্ষণ তা ফুটতে দিন। এরপর মাখা ময়দা ছোট ছোট টুকরো করে নিয়ে বল তৈরি করে নিন। সেই বলগুলির মাঝে আঙুলের চাপে খানিকটা গর্ত মতো করে নিন। এবার সামান্য খোয়া ক্ষীর সেই গর্তে ভরে বলের মুখটা আঙুলের চাপে বুজিয়ে দিন। কড়াইয়ে ঘি গরম করে ময়দার বল কড়াইয়ে ছেড়ে ভেজে নিন। মিনিট ১৫ দু’পিঠ ভাল করে ভেজে নেবেন। ভাল ভাবে ভাজা হয়ে গেলে তুলে নিন বলগুলি। ব্যস তৈরি মিষ্টি ক্ষীরভরা বালুসাই।

About Post Author