সময় কলকাতা ডেস্কঃ এসএসসি দুর্নীতি মামলার নয়া মোড়। বুধবার আলিপুরের বিশেষ আদালতে জামিনের আবেদন করলেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সে কারণেই আগামী ১৪ দিনের জন্য তাঁকে ফের জেল হেফাজতে পাঠাল বিশেষ আদালত। সূত্রের খবর,আগামী ১৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তবে,পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন না করলেও শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোক কুমার সাহা এদিন জামিনের আবেদন করেছিলেন। কিন্তু তাঁদের কারোর আবেদনই মঞ্জুর করেনি আলিপুর বিশেষ আদালত। তাই এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক কুমার সাহাকেও ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আলিপুরের বিশেষ আদালত।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হেফাজত থেকে পার্থকে হেফাজতে নিয়েছিল সিবিআই। এদিকে, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। সম্প্রতি এসএসসি গ্রুপ সি নিয়োগ মামলায় চার্জশিট পেশ করেছে সিবিআই। ওই চার্জশিটেই নাম রয়েছে এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা-সহ মোট ১৬ জনের। এর পাশাপাশি ওই চার্জশিটে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এসপি সিনহাকে অন্যতম মাস্টারমাইন্ড হিসাবেও উল্লেখ করা হয়েছে।

গত ২৩ জুলাই নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্য়ায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। অর্পিতার ফ্ল্যাটে নগদ কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পরই গ্রেফতার করা হয় ওই দুজনকে। আপাতত জেলেই রয়েছেন অর্পিতা। সেই গ্রেফতারির ৫৮ দিনের মাথায় ব্যাঙ্কশাল আদালতে গুরুত্বপূর্ণ তথ্য সহ চার্জশিট পেশ করে ইডি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি