Home » জেনে নিন তারাপীঠে তারা মায়ের আবির্ভাব দিবসের মাহাত্ম্য

জেনে নিন তারাপীঠে তারা মায়ের আবির্ভাব দিবসের মাহাত্ম্য

সময় কলকাতা ডেস্কঃ শুক্লা চতুর্দশী তিথিতে তারাপীঠে তারা মায়ের আবির্ভাব দিবস। শনিবার দিনভর বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে তারাপীঠের মন্দিরে। কোনওপ্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে , তার জন্য ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির প্রাঙ্গণ। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে মন্দির চত্বর। কয়েকশো সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। পাশাপাশি, গোটা মন্দির চত্বর আলোকসজ্জায় সুসজ্জিত করা হচ্ছে।

অতিমারির কারণে টানা দুবছর বন্ধ ছিল তারাপীঠের তারা মায়ের আবির্ভাব দিবসের উৎসব। দীর্ঘ দুবছর পর করোনা অতিমারি কাটিয়ে চেনা ছন্দে ফিরেছে জনজীবন। কার্যত সেই কারণে এবার আর কোনও বিধিনিষেধ থাকছে না বলেই জানা গিয়েছে। সেক্ষেত্রে শনিবার ভোর থেকেই লক্ষাধিক পুণ্যার্থীদের ঢল তারাপীঠে। তবে প্রত্যেক পুণ্যার্থীকে মাস্ক পরার অনুরোধ জানানো হয়েছে। ভিড় সামাল দেওয়ার জন্য ইতিমধ্যেই তৎপর তারাপীঠের মন্দির কমিটি থেকে শুরু করে জেলা প্রশাসন।

এদিন সকালেই মূল মন্দির থেকে মায়ের বিগ্রহ বের করে বিশ্রাম মঞ্চের পশ্চিম দিকে অর্থাৎ শ্মশানের দিকে মুখ করে মাকে বসানো হয়। এরপর স্নানপর্ব মিটে গেলে মাকে সাজানো হয় রাজরাজেশ্বরী সাজে। মঙ্গল আরতি পর্বের পর দেওয়া হয় শীতল ভোগ। রীতি অনুযায়ী মায়ের আজ উপোস। দিনভর তাই ফল মিষ্টি খান মা। আর সন্ধ্যা হতেই বিরাম মঞ্চে করা হয় আরতি।

সন্ধ্যারতির পর মাকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মূল মন্দিরে। তারপর মাকে স্নান করিয়ে নতুন সাজ পরানো হয়। নতুন করে হয় অভিষেক। ফের শুরু হয় আরতি। এদিন দুপুরে কোনও অন্নভোগ রান্না হয় না৷ একবারে রাতেই মাকে দেওয়া হয় অন্ন ভোগ। যাকে বলা হয় মহাভোগ। মাকে অন্নভোগ দেওয়া হয় না বলে এদিন মন্দিরের সেবায়েতরাও অন্ন মুখে তোলেন না। রাতে মায়ের কাছে অন্নভোগ নিবেদন করার পরই উপবাস ভাঙেন সেবায়েতরা।

কথিত আছে, তারা মায়ের বোন মৌলক্ষাদেবী। ঝাড়খণ্ড রাজ্যের মলুটিতে অধিষ্ঠান তাঁর । এই শুক্লা চতুর্দশীতেই মুখোমুখি বসে কথা বলেন দুই বোন। যেহেতু মলুটি তারাপীঠের পশ্চিম দিকে অবস্থিত, সেই কারণে এই দিনটিতে তারা মাকে পশ্চিম দিকে অর্থাৎ শ্মশানের দিকে মুখ করে বসানো হয়। বছরের একমাত্র এই দিনেই মাকে পশ্চিম দিকে মুখ করে বসানো হয়। তারা মায়ের আবির্ভাব তিথি ঘিরে কিংবদন্তী আর বাস্তব এভাবেই আধ্যাত্মিকতায়  মিশে থাকে।।

About Post Author