Home » ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ

ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ

সময় কলকাতা ডেস্কঃ উৎসবের রেশ কাটতে না কাটতেই ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা। ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে উদ্বেগজনক পজিটিভিটি রেটও। তবে সামান্য কমল দৈনিক সংক্রমণ। এছাড়া পরিসংখ্যানে কোনও বদল নেই। সংক্রমণ যাতে হাতের নাগালে চলে না যায়, সেই কারণে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিড়বহুল এলাকায় অবশ্যই মাস্ক ব্যবহারের কথা বলা হয়েছে। পাশাপাশি স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৫৬জন। সংক্রমণ বাড়ার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বেড়েছে অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ২৮ হাজার ৫৯১জন। মৃত্যুহার মোট আক্রান্তের ১.১৮ শতাংশ। যদিও অ্যাকটিভ কেসের পাশাপাশি সুস্থতার হারও বাড়ছে। তবে চিন্তা থাকছে পজিটিভটি রেট নিয়ে। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক পজিটিভিটি রেট ১.১৫ শতাংশ। মনে করা হচ্ছে, নতুন করে করোনা সংক্রমণ রুখতে আগের মতো ফের স্বাস্থ্যবিধি জারি করতে হতে পারে।
করোনা রুখতে টিকাকরণের উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। উৎসবের মাঝেও টিকাকরণের কাজে কোনও খামতি রাখা হয়নি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী,দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৮ কোটি ৯৭ লক্ষেরও বেশি। অন্যদিকে,প্রিকশন ডোজ ও বুস্টার ডোজ দেওয়ার কাজও জোরকদমে চলছে।

About Post Author