Home » সুকন্যাকে দিল্লিতে তলব ইডির

সুকন্যাকে দিল্লিতে তলব ইডির

সময় কলকাতা ডেস্কঃ গরু পাচার মামলায় তৎপর ইডি। একজন প্রাথমিক স্কুলের শিক্ষিকার কীভাবে আয় বৃদ্ধি হল,তা জানতে সুকন্যা মণ্ডলকে তলব ইডির। আগামী ২৭ অক্টোবর দিল্লিতে তলব করা হয়েছে তাঁকে। তবে সুকন্যা দিল্লিতে যাবেন কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

অনুব্রতর বিরুদ্ধে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে, তাতে উল্লেখ রয়েছে, ২০১৩-২০২২ সালের এখনও পর্যন্ত অনুব্রত ও তাঁর পরিবার সম্পত্তি কিনেছে প্রায় ১০ কোটি টাকার। সূত্রের খবর, এই ১০ কোটি আসলে হল দলিল মূল্য। বাজার মূল্য বা প্রকৃত মূল্য এর কয়েকগুণ বলেই ধারণা তদন্তকারী অফিসারদের। চার্জশিট বলছে, অনুব্রতর পরিবার এই ন’বছরের মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তি কিনেছিল ২০১৪ সালে। ওই বছর অনুব্রত, তাঁর প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল ও মেয়ে সুকন্যার নামে সাড়ে চার কোটি টাকার বেশি সম্পত্তি কেনা হয়েছিল। অনুব্রতর নামে ৮টি জমির নথি পেয়েছে সিবিআই। মণ্ডল পরিবার সম্পত্তি যে শুধু কিনেই গিয়েছে তেমনটা নয়। জমি বিক্রিও করেছে। সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ রয়েছে ২০১৫ থেকে ২০১৯ ও ২০২১ সালে এই সম্পত্তিগুলি বিক্রি করেছিল মণ্ডল পরিবার।  মণ্ডল পরিবারের প্রত্যেকটি আয়ের উৎস খতিয়ে দেখতে সুকন‌্যা ও পরিবারের সঙ্গে যুক্ত আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে চাই সিবিআই।

প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা। তার কয়েকদিন পর ১৭ আগস্ট ফের তাঁর বাড়িতে যায় সিবিআই। অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । আয় বৃদ্ধি নিয়ে সিবিআই নথি চেয়ে পাঠিয়েছে। এই ব‌্যাপারে সুকন‌্যাকে জিজ্ঞাসাবাদও করতে চায় সিবিআই।

About Post Author