Home » সায়গলকে দিল্লি নিয়ে যেতে পিএমএলএ আদালতে আবেদন ইডির

সায়গলকে দিল্লি নিয়ে যেতে পিএমএলএ আদালতে আবেদন ইডির

সময় কলকাতা ডেস্কঃ গরু পাচার মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলকে দিল্লি নিয়ে যেতে মরিয়া ইডি। এবার সায়গল হোসেনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে দিল্লির পিএমএলএ আদালতে আবেদন ইডির।  আদালতে সায়গলকে হাজির করে নিজেদের হেফাজতে নিতে চান ইডি আধিকারিকরা। সেই কারণে দিল্লির রাউস অ্যাভিনিউতে পিএমএলএ আদালতে আবেদন করেছে ইডি। সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি।

প্রসঙ্গত, গরুপাচার মামলার তদন্তে কিছুদিন আগেই আসানসোলে সংশোধনাগারে গিয়ে সায়গলকে জেরা করেছিলেন ইডির আধিকারিকরা। কিন্তু ইডির বক্তব্য, সায়গল তদন্তে সহযোগিতা করছে না। সেই কারণে, জেলবন্দী সায়গলে গ্রেফতার করে ইডি এবং নিজেদের হেফাজতে নিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে। সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে তদন্ত করতে চেয়ে আবেদন করেছিল আসানসোল আদালতে। কিন্তু বিশেষ সিবিআই আদালত কেন্দ্রীয় এজেন্সির সেই আবেদন খারিজ করে দিয়েছিল। তারপরেই হাইকোর্টে মামলা করে ইডি। কিন্তু সেখানেও ধাক্কা খাওয়ার পর এবার দিল্লির রাউস অ্যাভিনিউতে পিএমএলএ আদালতে আবেদন করেছে ইডি।

অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীকে জেরা করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। তাই সায়গলকে নিজেদের হেফাজতে পেতে ভবিষ্যতে সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইডির। সেই কারণে আগে থেকেই ক্যাভিয়েট দাখিল করে রেখেছে গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত সায়গল হোসেন।

About Post Author