সময় কলকাতা ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক বেসরকারি টিচার্স ট্রেনিং সেন্টারের নাম জড়াতেই নড়চড়ে বসল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার রাজ্যের ৬৫৬টি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রকে বৈঠকে ডাকল প্রাথমিক শিক্ষা পর্ষদ। মঙ্গলবার দুপুর একটা নাগাদ সমস্ত বেসরকারি টিচার্স ট্রেনিং সেন্টারের আধিকারিককে বৈঠকে ডেকে পাঠিয়েছে পর্ষদ। সূত্রের খবর, ট্রেনিং ইনস্টিটিউটগুলির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। সেকারণেই এবার এই প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে নজরদারি চালাতে চায় বৈঠক।
জানা গিয়েছে,মানিক ভট্টাচার্যকে জেরা করে তাঁর বাড়ি থেকে যেসব কাগজপত্র উদ্ধার হয়েছে তা থেকেই একাধিক প্রশিক্ষণ কেন্দ্রের যোগসূত্র পাওয়া গিয়েছে। এই ট্রেনিং সেন্টারগুলিই নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলেই সূত্রের খবর। এই সব ট্রেনিং সেন্টারগুলি মিডল ম্যানের কাজ করত। তদন্তকারী আধিকারিকদের দাবি, ট্রেনিং সেন্টারগুলিতেই লুকিয়ে রয়েছে ফাঁকা ওএমআর শিট এবং সাদা উত্তরপত্র জমা দিয়েও চাকরি পাওয়ার রহস্য।
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সকাল থেকেই শহরের একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। এরপরই সল্টলেক সেক্টর ফাইভের মহিষবাথানে প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠের ট্রেনিং সেন্টারে হানা দেয় ইডি। সূত্রের খবর, ওই টিচার্স ট্রেনিং সেন্টারটি মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডলের নামে ভাড়া নিয়ে চালানো হত। নিয়োগ দুর্নীতির সঙ্গে এই প্রশিক্ষণ কেন্দ্রের যোগ রয়েছে বলেই দাবি ইডি-র।

কলকাতার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালানোর পাশাপাশি বারাসাতেও তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। টিচার্স ট্রেনিং সেটারের কর্ণধার তাপস মণ্ডলের বারাসাতে কামাখ্যা মন্দিরের কাছে বাড়িতেও হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি বড় দল। ইডি সূত্রে জানা গিয়েছে,তল্লাশি অভিযানের পর তাপস মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর নথিপত্র, ব্যাংকের স্লিপ, ফর্ম, খামের ভিতর থাকা প্রচুর চিঠি। প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চিঠিও উদ্ধার হয়েছে বলেই দাবি ইডির। বহু ছাত্র-ছাত্রীর নাম ও ছবি পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে কেউ টাকা দিয়ে চাকরি পেয়েছেন কি না, তার খোঁজ নিচ্ছে ইডি। সেইসঙ্গে একটি মোবাইলও বাজেয়াপ্ত করেছে ইডি। তদন্তকারী আধিকারিকদের দাবি, ওই মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ চ্যাট থাকতে পারে, যা এই মামলার তদন্তে সহযোগিতা করবে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি