Home » নিখুঁত স্থাপত্যে তৈরি বুর্জ খলিফা এবার হেলেঞ্চার সবুজ সংঘে

নিখুঁত স্থাপত্যে তৈরি বুর্জ খলিফা এবার হেলেঞ্চার সবুজ সংঘে

সময় কলকাতা ডেস্কঃ এবার কালীপুজোর উৎসবে মাতবে বাংলা। জেলার পুজোগুলির মধ্যে বারাসাতের পাশাপাশি কালীপুজোর উৎসব উদযাপনের অন্যতম পীঠস্থান হেলেঞ্চা। নজরকাড়া পুজোগুলির মধ্যে অন্যতম আয়োজক হিসেবে বরাবর স্থান পেয়ে এসেছে সবুজ সংঘ। বিশ্বের সেরা স্থাপত্যগুলিকে নিজেদের মণ্ডপে তুলে ধরে নজর কাড়ছে নগর ও গ্রামের বিভিন্ন পুজো কমিটি গুলি। বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং বুর্জ খলিফা। সংযুক্ত আমিরাতের দুবাই শহরে যা অবস্থিত। মরুভূমির উপর নিখুঁত স্থাপত্যে তৈরি এই ভবন ফুটে উঠেছে সবুজ সংঘের কালীপুজোর মন্ডপ ভাবনায়। দুবাইয়ের এক অসামান্য স্থাপত্য শিল্পের নিদর্শন বুর্জ খলিফা মন্ডপ ভাবনার মধ্যে দিয়ে তারা রূপায়িত করছে নিপুনভাবে।

নির্মাণের পর কয়েক বছরের মধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তের পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে বুর্জ খলিফা। রকেটের মতো দেখতে এই ভবন ২ হাজার ৭১৭ ফুট উঁচু। ৬০ মাইল দূর থেকেও এটি দেখা যায়। ভবনের ৭৬ তলায় রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত সুইমিং পুল। ১৫৮ তলায় আছে সবচেয়ে উঁচুতে অবস্থিত মসজিদ। আর এই আদলেই গড়া হয়েছে সবুজ সংঘের মণ্ডপ। পুজোর প্রস্তুতির পর্ব প্রায় ১০০ শতাংশ সম্পূর্ণ করে ফেলেছে পুজো আয়োজকরা। চলছে শেষ মুহূর্তের মন্ডপ সজ্জার কাজ। যে শিল্পীরা দিনরাত এক করে কাজ করে চলেছেন, তারাই জানিয়েছেন পুজোর দর্শনার্থীদের কাছে এই মন্ডপ উপহার দেওয়া অনেকটাই কষ্টসাধ্য ছিল। তবে তারা যথাসাধ্য চেষ্টা করেছেন বলে জানান। মন্ডপের মধ্যে রয়েছে চোখে পড়ার মত অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ।

বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং আপাতত কয়েকদিন থাকবে সবুজ সংঘের মাঠে।দর্শনার্থীদের জন্য সব ধরনের সুবিধা ও নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। মণ্ডপসজ্জার পাশাপাশি,প্রতিমা এবং আলোর রোশনাই দিয়ে দর্শকদের মুগ্ধ করতে আশাবাদী পুজো আয়োজকরা।

About Post Author