Home » কলকাতা সহ ৪ টি বড় শহরে ৫জি লঞ্চ করল রিলায়েন্স জিও

কলকাতা সহ ৪ টি বড় শহরে ৫জি লঞ্চ করল রিলায়েন্স জিও

সময় কলকাতা ডেস্কঃ সুখবর! দীপাবলির আগেই কলকাতা সহ দেশের ৪ টি বড় শহরে ৫জি লঞ্চ করল রিলায়েন্স জিও। শনিবার জিও চেয়ারম্যান আকাশ আম্বানি এই পরিষেবার শুভ সূচনা করেছেন। যার ফলে কলকাতা, মুম্বই, দিল্লি ও চেন্নাইয়ের জিও গ্রাহকরা এখন থেকে ৫জি নেটওয়ার্কের সার্ভিস পাবেন। ইতিমধ্যেই দেশের প্রতিটি প্রান্তে ৫জি নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার কাজ চলছে। সূত্রের খবর, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে গোটা দেশে ৫জি নেটওয়ার্ক পরিষেবার কাজ সম্পন্ন করবে রিলায়েন্স জিও।

১ অক্টোবর থেকেই দেশে যাত্রা শুরু করেছিল ৫জি। কলকাতা,দিল্লি, মুম্বই ও বারাণসীতে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছিল জিও সংস্থার ৫জি পরিষেবা। আপাতত বাছাই করা কিছু গ্রাহকদেরই ৫জি পরিষেবা দিচ্ছে জিও। তারই মধ্যে ১২টি রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে রিলায়েন্স জিও। স্বাভাবিক ভাবেই ওটিটি সাবস্ক্রিপশন সহ এই প্ল্যানগুলি তুলে নেওয়ার জিও গ্রাহকদের মাথায় হাত। তবে জিও-র তরফে জানানো হয়েছে, এমন 2টি প্রিপেড প্ল্যান রয়েছে যা রিচার্জ করলেই Disney+ Hotstar বিনামূল্যে ব্যবহার করা যাবে। দেখে নেওয়া যাক কোন কোন প্ল্যান বন্ধ করল জিও-

জিও ইতিমধ্যেই ৩টি অ্যাড-অন প্ল্যান ১৫১টাকা, ৫৫৫ টাকা ও ৬৫৯ টাকা বন্ধের পাশাপাশি ৩৩৩ টাকা, ৪৯৯ টাকা, ৫৮৩ টাকা, ৬০১ টাকা, ৭৮৩ টাকা, ৭৯৯ টাকা, ১০৬৬ টাকা, ২৯৯৯ টাকা ও ৩১১৯ টাকার প্ল্যান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ফলে এবার থেকে রিলায়েন্স জিও প্রিপেড গ্রাহকদের রিচার্জের সঙ্গে Disney+ Hotstar সাবস্ক্রিপশন ব্যবহার করার জন্য ১৪৯৯ টাকা অথবা ৪১৯৯ টাকা রিচার্জ করতেই হবে। ১৪৯৯ টাকা রিচার্জে রিলায়েন্স জিও গ্রাহকরা প্রতিদিন ২জিবি করে ৪জি ডেটা পাবেন। সেইসঙ্গে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০ এসএমএস -এরও সুযোগ পাবে। আর ৮৪ দিন ভ্যালিডিটির এই প্ল্যানের সঙ্গে Disney+ Hotstar Premium সাবস্ক্রিপশনও বিনামূল্যে ব্যবহার করা যাবে। অন্যদিকে ৪১৯৯ টাকা রিচার্জে প্রতিদিন ৩ জিবি ডেটা পাবেন জিও গ্রাহকরা। এই প্ল্যানের সঙ্গেও আনলিমিটেড ডেটা ও প্রতিদিন ১০০ এসএমএস বিনামূল্যে মিলবে। এর পাশাপাশি থাকছে সব জিও অ্যাপ ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের সঙ্গেও Disney+ Hotstar সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

এদিকে ৫জি লঞ্চ করার পরই দেশব্যাপী ২৫০০০ মোবাইল টাওয়ার বসানোর জন্য ২৬০০০ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্র। সূত্রের খবর, ৫০০ দিনের মধ্যে এই মোবাইল টাওয়ারগুলি বসানোর কাজ শেষ হয়ে যাবে। টেলিকম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে,প্রকল্পটির জন্য আর্থিক সহায়তা ইউনিভার্সাল সার্ভিসেস বাধ্যবাধকতা তহবিল দ্বারা সরবরাহ করা হবে এবং এটি ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক দ্বারা বাস্তবায়িত হবে।

About Post Author