Home » অনুব্রত কন্যাকে দিল্লিতে তলব ইডির

অনুব্রত কন্যাকে দিল্লিতে তলব ইডির

সময় কলকাতা ডেস্কঃ গরু পাচার মামলায় সিবিআইয়ের পর এবার অনুব্রত কন্যাকে দিল্লিতে তলব ইডি-র। ইডি সূত্রে খবর,আগামী ২ নভেম্বর অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে ইডির দিল্লির হেড কোয়ার্টারে তলব করা হয়েছে। একইসঙ্গে ২ নভেম্বর তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের চার্টাড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকেও হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি। পাশাপাশি গরু পাচার মামলায় এবার ইডির নজরে রয়েছে অনুব্রতর একাধিক সম্পত্তি। ইডি কর্তাদের দাবি, বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যা সুকন্যার নামে একাধিক সম্পত্তির হদিস মিলেছে।

উল্লেখ্য, গরু পাচার মামলার তদন্তে নেমে একের পর এক তথ্য হাতে এসেছে ইডির। পেশায় একজন প্রাথমিক স্কুলের শিক্ষিকা হয়েও, ২০১৫ সালের পর থেকে তাঁর সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ বৃদ্ধি পাওয়ার বিষয়টিতে অবাক হয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এই সব সম্পত্তি ও টাকার উৎস কী? তা জানতেই একযোগে তদন্তে নামে সিবিআই ও ইডি। এর আগে সম্পত্তির নথি চেয়ে সুকন্যাকে ডেকে পাঠায় সিবিআই। কিন্তু সেই ডাকে সাড়া দেননি তিনি। বৃহস্পতিবার ইডি ডেকেছিল একই কারণে।

প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা। তার কয়েকদিন পর ১৭ আগস্ট ফের তাঁর বাড়িতে যায় সিবিআই। অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । আয় বৃদ্ধি নিয়ে সুকন্যাাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

About Post Author