সময় কলকাতা ডেস্ক: শনিবার আসানসোলের বিশেষ আদালতে সায়গলের হয়ে ভিডিও কলে সওয়াল করেন আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। তিনি বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে সায়গলের জামিনের আবেদন জানান। ইতিমধ্যেই সায়গলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআই। শুনানি শেষে আগামী ১১ নভেম্বর পরবর্তী শুনানির নির্দেশ দেন বিচারক।
সূত্রের খবর, মূলত পাচারের টাকা কোন পথে কোথায় যেত তা নিয়ে জানতেই সায়গল হোসেনকে ইডি জেরা করতে চায় বলে খবর। সায়গল ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ মিলেছে। বীরভূম, মুর্শিদাবাদ ছাড়াও কলকাতা শহরেও সায়গলের সম্পত্তির হদিশ মিলেছে। রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরি করে কীভাবে কোটি-কোটি টাকার এই সম্পত্তির মালিক হলেন সায়গল? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, গরুপাচার কাণ্ডে দীর্ঘদিন ধরে সিবিআইয়ের নজরে ছিলেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী। একাধিকবার তাঁকে জেরাও করেন তদন্তকারীরা। ৯ জুন দফায় দফায় জেরার পর গ্রেপ্তার করা হয় সায়গলকে। আসানসোলে সংশোধনাগারে গিয়ে সায়গলকে জেরা করেছিলেন ইডির আধিকারিকরা। তদন্তে অসহযোগিতা করছে সায়গল, সেই কারণে, জেলবন্দী সায়গলকে গ্রেফতার করে ইডি। নিজেদের হেফাজতে নিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে। সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে তদন্ত করতে চেয়ে আবেদন করেছিল আসানসোল আদালতে। কিন্তু বিশেষ সিবিআই আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছিল। তারপরেই হাইকোর্টে মামলা করে ইডি। কিন্তু সেখানেও ধাক্কা খাওয়ার পর দিল্লির রাউস অ্যাভিনিউতে পিএমএলএ আদালতে আবেদন করে ইডি। অবশেষে ইডির আরজি মঞ্জুর করে রাউস অ্যাভিনিউ কোর্ট। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি পায় ইডি।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের