সময় কলকাতা ডেস্কঃ জীবনের সেরা ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়াতে আয়োজিত চলতি টি-২০ বিশ্বকাপেও দেশকে ভরসা জোগাচ্ছেন আইসিসি ক্রিকেট র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই মারকুটে ব্যাটার ৷ এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ রান শিকারিদের তালিকায় তিনে রয়েছেন সূর্য। গ্ৰুপ লিগের ৫ ম্যাচে তাঁর রান ২২৫। গড় ৭৫.০০। স্ট্রাইক রেট ১৯৩.৯৬।

পুল, ড্রাইভের মত প্রথাগত সব শটের সঙ্গে সূর্যের অস্ত্রভাণ্ডারে রয়েছে নটরাজ সুইপ, ওয়াইড লং অন দিয়ে হেলিকপ্টার হুইপের মত অনেক উদ্ভাবনী শট। তাই রান করার পাশাপাশি তাঁর রান করার ধরণও এখন সোশ্যাল মিডিয়াতে আলোচনার বিষয়। ইতিমধ্যে সূর্যের প্রশংসা শোনা গিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে ক্রিকেট কিংবদন্তিদের মুখেও। সব মিলিয়ে ভারতীয় দলে এখন তিনি সুপারস্টার।

সেমিতে ব্রিটিশদের বিরুদ্ধে এমন বিধ্বংসী ফর্ম বজায় রাখতে পারলে, কার্যত ফাইনালের টিকিট নিয়ে বিশেষ বেগ পেতে হবেনা ভারতকে। এই পরিস্থিতিতে দলের অধিনায়কের মুখেও শোনা গেল সূর্যস্তুতি। বৃহস্পতিবার অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেখানে সেমিফাইনালের প্রথম একাদশ থেকে শুরু করে একাধিক প্রশ্নের উত্তর দেন রোহিত। পাশাপাশি দলের নতুন তারকা ব্যাটার সূর্যকুমার যাদবের প্রশংসাও শোনা যায় ভারত অধিনায়কের মুখে। তিনি বলেন, “এই দলের একটা মূল্যবান সম্পদের নাম সূর্যকুমার যাদব। একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে আস্থা জুগিয়েছে সূর্য। দল যখনই বিপাকে পড়েছে একক দক্ষতায় দলকে টেনেছে। যেখানে ১০ রানে ২ উইকেট পড়ে যাচ্ছে সেখানে সূর্যকুমার নিজের দক্ষতায় ১০ থেকে ১০০ রানে নিয়ে যাচ্ছে। সূর্যর নিজের প্রতি আত্মবিশ্বাস প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ।”


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে