Home » ২০১৭ সালের টেটের মেধা তালিকায় নতুন কী গরমিল ধরা পড়ল ?

২০১৭ সালের টেটের মেধা তালিকায় নতুন কী গরমিল ধরা পড়ল ?

সময় কলকাতা ডেস্কঃ সোমবার রাতেই ২০১৭ সালের টেটের মেধা তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু সেই তালিকা বিকৃত করে প্রকাশ করা হয়েছে, এমনই অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। বুধবার মামলাকারীর পক্ষে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এ বিষয়ে কথা বলেনবিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। সেখানেই তিনি বিচারপতিকে জানান, জানুয়ারি মাসে প্রকাশিত নম্বরের সঙ্গে সোমবারের মেধা তালিকার নম্বরের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। তিনি এদিন এক প্রার্থীর ওএমআর সিট দেখিয়ে জানান, সেই প্রার্থী জানুয়ারি মাসে ২৪ পেয়েছিলেন, কিন্তু সোমবার মেধাতালিকায় তাঁর নম্বর বেড়ে দাঁড়ায় ৮৫! এ কথা শোনার পরেই মামলাকারীর আইনজীবীকে মামলা করার অনুমতি দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
অন্যদিকে সোমবারই নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিলেন,’বয়স পেরিয়ে গেলেও হাইকোর্টের নির্দেশে এবার আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিতে হবে পর্ষদকে। পাশ করলে দিতে হবে নিয়োগও।’এই মামলার রায়দানের সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন,‘বোর্ডের ভুল, বোর্ডকেই শোধরাতে হবে। প্রাথমিক পর্ষদকে এখন সাধারণ মানুষ দুর্নীতি আর বেআইনি কাজের জায়গা হিসেবে চেনেন।‘
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। শূন্যপদের সংখ্যা ১১ হাজারেরও বেশি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৪ ও ২০১৭ সালে যাঁরা টেট পাশ করেছেন, এবং যাঁদের বয়স চল্লিশের নীচে তাঁরা ২০২২ সালের টেট নিয়োগে অংশ নিতে পারবেন। কিন্তু মেধা তালিকা না থাকায় সমস্যায় পড়েছিল টেট উত্তীর্ণরা। সোমবার পর্ষদের তরফে ২০১৭ এর মেধা তালিকা প্রকাশ করা হয় এবং ২০১৪ সালের মেধাতালিকাও দ্রুত প্রকাশ করা হবে বলে জানানো হয়।
প্রসঙ্গত, রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর বেলা ১২টা থেকে দুপুর ২.৩০ পর্যন্ত। আড়াই ঘণ্টার পরীক্ষাটি মোট ১৫০ নম্বরে হবে। এই পরীক্ষার মাধ্যমে প্রাথমিকের ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে বলে ঘোষণা করেছে পর্ষদ।

About Post Author