Home » দেশের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি চন্দ্রচূড়

দেশের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি চন্দ্রচূড়

সময় কলকাতা ডেস্কঃ বুধবার দেশের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এদিন ডি ওয়াই চন্দ্রচূড়কে শপথবাক্য পাঠ করান দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন শপথ নেওয়ার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘ আমার কাজ কথা বলবে’। কিছুদিন আগেই দেশের বর্তমান প্রধান বিচারপতি ইউ ইউ ললিত তাঁর উত্তরসূরী হিসেবে ডি ওয়াই চন্দ্রচূড়ের নাম প্রস্তাব করেছিলেন। তারপরই তাঁকে এই পদে মনোনীত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিচারপতি ইউ ইউ ললিতের মেয়াদ শেষ হওয়ার পরই শপথ নিলেন বিচারপতি চন্দ্রচূড়। দেশের প্রধান বিচারপতি পদে ললিতের মেয়াদ ছিল মাত্র ৭৪ দিন। ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি চন্দ্রচূড়।
ভারতের ৪৯ তম প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত। চলতি বছরের ২৭ আগস্ট প্রধান বিচারপতি পদে শপথ নেন তিনি। নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের নির্ধারিত বয়স ৬৫।সেকারণেই গত ৮ নভেম্বর ৬৫ বছরে পা দেওয়ার পরই অবসর নিলেন প্রধান বিচারপতি ইউ ইউ ললিত। আইনজীবী থাকাকালীন মূলত অপরাধ সংক্রান্ত মামলা নিয়েই কাজ করেছেন উদয় ইউ ললিত। যে বিশেষ বিচারবিভাগীয় বেঞ্চ তিন তালাক প্রথাকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করেছিল, তার অন্যতম সদস্য ছিলেন উদয় ইউ ললিত। ২০১৭ সালে অগস্ট মাসে পাঁচ বিচারপতির বেঞ্চ ওই মামলার রায় দিয়েছিলেন।অন্যদিকে প্রধান বিচারপতি হিসেবে কাজ শুরুর প্রথম দিনেই রেকর্ড গড়েছিলেন বিচারপতি ললিত।


মেমোরেন্ডাম অফ প্রসিডিওর অনুসারে, দেশের প্রধান বিচারপতি তার উত্তরাধিকারী হিসাবে সুপ্রিম কোর্টের সবথেকে বরিষ্ঠ বিচারককের নাম পাঠান। সিজেআই-এর সুপারিশ পাওয়ার পরই আইনমন্ত্রী সেই সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেন। এরপর তিনি নতুন নিয়োগের বিষয়ে রাষ্ট্রপতিকেও পরামর্শ দেন।

১৯৫৯ সালের ১১ নভেম্বর জন্মগ্রহণ করেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তাঁর বাবা ওয়াই ভি চন্দ্রচূড়ও ছিলেন ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি। মা প্রভাদেবী দেশের একজন জনপ্রিয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হওয়ার পর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করেন। পরবর্তী কালে তিনি আমেরিকার হার্ভার্ড ল স্কুল থেকে ফরেনসিক বিজ্ঞানে এলএলএম এবং ডক্টরেট অর্জন করেন।।

About Post Author