Home » টুইটার নিয়ে নয়া ঘোষনা মাস্কের

টুইটার নিয়ে নয়া ঘোষনা মাস্কের

সময় কলকাতা ডেস্ক: শনিবার টুইটারের নতুন পরিকল্পনা নিয়ে ঘোষণা করলেন মাস্ক। টুইটারের নতুন নীতিতে মত প্রকাশের স্বাধীনতা থাকছে কিন্তু রিচের স্বাধীনতা থাকবে না বলে জানিয়ে দিয়েছেন মাস্ক। বিপুল সংখ্যক কর্মচারীর পদত্যাগ করার পরে, মাস্ক বলেছিলেন যে তিনি এই বিষয় নিয়ে উদ্বিগ্ন নন, কারণ সেরা কর্মচারীরা এখনও কোম্পানিতে রয়েছেন। তারপরই নতুন ঘোষণা করলেন এলন মাস্ক।

টুইটারের নতুন ঘোষণা অনুযায়ী, নতুন অ্যাকাউন্টগুলিকে ৯০ দিন পর্যন্ত ব্লু সাবস্ক্রিপশন পরিষেবা কেনার অনুমতি দেবে না সংস্থা। অর্থাৎ ব্যবহারকারীরা নতুন অ্যাকাউন্ট ভেরিফাই করাতে পারবেন না। এর ফলে স্ক্যাম এবং ভুয়ো অ্যাকাউন্টের সম্ভাবনা কমতে পারে বলে মনে করছেন মাস্ক। ২৯ নভেম্বর থেকে তার আট ডলারের বিনিময়ে ব্লু সাবস্ক্রিপশন পরিষেবা ফের চালু করবেন বলেও জানান টুইটারের নতুন মালিক।

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। এলন মাস্কের বিরুদ্ধে একটি মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতেও যান মাস্ক। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে। এরপরই আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি।

 

 

About Post Author