সময় কলকাতা ডেস্ক: দিল্লি যাওয়া আটকাতে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল। শারীরিক অবস্থা দেখিয়ে দিল্লি যাওয়া আটকানোর জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আগামী শুক্রবার মামলার শুনানি রয়েছে। ফলে এখনই অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারছে না ইডি।

গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে আসানসোল সংশোধনাগারে যায় ইডির আধিকারিকরা।সেখান থেকে তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় ইডি। এবার তাঁকে দিল্লিতে নিয়ে যেতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আবেদন জানিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউয়ের বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। আর এই আবেদনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে গেলেন অনুব্রত।

উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই ইতিমধ্যেই সুকন্যা মণ্ডলকে জেরা করেছে ইডি। এরপর এই মামলায় ইডির নজরে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজন। তাদেরকেও জেরা করতে তলব করতে পারে ইডি, এমনটাই সূত্রের খবর। এখন দেখার সায়গলের পর অনুব্রতকেও কি দিল্লিতে নিয়ে যেতে পারবে ইডি, সেদিকেই নজর সকলের।


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা