Home » স্বাভাবিক হল সাঁতরাগাছি সেতুতে যান চলাচল

স্বাভাবিক হল সাঁতরাগাছি সেতুতে যান চলাচল

সময় কলকাতা ডেস্কঃ সাঁতরাগাছি সেতু সংস্কারের জেরে সপ্তাহের প্রথম দিনেই ব্যাপক যানজটের সমস্যায় ভুগতে হয়েছিল নিত্যযাত্রী থেকে শুরু করে পথচলতি সাধারণ মানুষকে। কিন্তু, মঙ্গলবারের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে বলেই সূত্রের খবর। ইতিমধ্যেই যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে হাওড়া সিটি ট্রাফিক পুলিশ। মূলত ড্রোনের মাধ্যমে গোটা পরিস্থিতির ওপর নজরদারি চালানো হচ্ছে। দশ মিনিট অন্তর অন্তর যাতে দু’দিকের গাড়ি ছাড়া হয় সেই দিকেও বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গিয়েছে,যানচলাচল নিয়ন্ত্রণে প্রায় তিন হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে দু’পাশের গাড়ি ছাড়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এছাড়াও কিছু ছোট গাড়ি দাশনগর থেকে শানপুরের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে,বিদ্যাসাগর সেতু দিয়ে আন্দুল রোড হয়ে জাতীয় সড়কে কিছু গাড়ি পাঠানো হচ্ছে। কার্যত সেকারণেই মঙ্গলবার যানজট এড়ানো অনেকটাই সম্ভব হচ্ছে।

উল্লেখ্য,শুক্রবার মধ্যরাত থেকেই বন্ধ হয়ে যায় সাঁতরাগাছি সেতু দিয়ে ভারী যান চলাচল। তারপর থেকেই তীব্র যানজটের ভোগান্তিতে পড়েছেন হাওড়া এবং হুগলির বহু নিত্যযাত্রী। অভিযোগ, অন্যান্য দিনের তুলনায় যানজটের কারণে দু’তিন ঘণ্টা বেশি আটকে থাকতে হচ্ছে নিত্যযাত্রীদের। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাঁতরাগাছি সেতুর রক্ষণাবেক্ষণের কাজের দরুন যানবাহন ব্যবস্থা ঠিক রাখার কথা জানানো হয়েছিল। এমনকী জরুরী পরিষেবার গাড়িকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানিয়েছিল হাওড়া সিটি পুলিশ। তবে বাস্তবে সেতুর রক্ষনাবেক্ষনের কাজ শুরুর দিন থেকেই আন্দুল রোড ও দ্বিতীয় হুগলি সেতুতে যানজট ও অব্যবস্থার ছবি ধরা পড়ে। একইভাবে সোমবার সকালে সাঁতরাগাছিতে তীব্র যানজটের কারণে একটি অ্যাম্বুলেন্স আটকে পরে। অ্যাম্বুলেন্সের ভিতর অসুস্থ শিশু থাকা সত্ত্বেও তাঁদের যেতে দেয়নি কর্তব্যরত ট্রাফিক পুলিশের কর্মীরা। অসুস্থ ওই শিশুর পরিবারের অভিযোগ, আমতা থেকে অসুস্থ শিশুকে নিয়ে কলকাতার পার্ক স্ট্রিটে যাওয়ার সময় সাঁতরাগাছি সেতুর উপরে দীর্ঘ ১৫ মিনিটের বেশি অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রাখে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী। এসব কারণেই এবার যান চলাচল নিয়ন্ত্রণে তৎপর হল হাওড়া সিটি ট্রাফিক পুলিশ।

জানা গিয়েছে, স্বাস্থ্য পরীক্ষা এবং সেতু সংস্কারের জন্যই ৩১ ডিসেম্বর পর্যন্ত সাঁতরাগাছি সেতুতে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। শুধুমাত্র ২ বা ৪ চাকার হালকা গাড়ি গুলিই সেতু দিয়ে যাতায়াত করতে পারবে বলেই সূত্রের খবর। এক্ষেত্রে পণ্যবাহী ভারী গাড়িগুলিকে আন্দুল রোড, মাকড়দহ রোড ও নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে চালানো হবে। তবে সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে পুজোর পরেই ভারী যান চলাচল বন্ধ করার পদক্ষেপ নেওয়া হয়েছে। আপাতত সেতুর স্বাস্থ্য পরীক্ষা হলেও আগামীতে সেতুটি সম্পূর্ণ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

হাওড়া সিটি পুলিশের তরফে জানা গিয়েছে, রাত দশটার পর কলকাতামুখী মালবাহী গাড়ি দ্বিতীয় সেতুর টোল প্লাজা হয়ে আন্দুল রোড দিয়ে আসতে পারবে। এছাড়া নিবেদিতা সেতু হয়েও মালবাহী লরি ট্রাক নিবেদিতা সেতু হয়ে কলকাতায় ঢুকতে পারবে। অন্যদিকে, খড়গপুর থেকে আসা পণ্যবাহী ভারী ট্রাক টালার দিকে যেতে হলে ধূলাগড়, নিবড়া, সিসিআর ব্রিজ হয়ে নিবেদিতা সেতু হয়ে টালা ব্রিজ ধরতে পারবে। দেড় মাস রাত দশটা থেকে সকাল ৬টার মধ্যে এভাবেই চলবে গাড়ি চলাচল। যদিও আমতা রোড, ডাঃ ভোলানাথ চক্রবর্তী রোড দিয়ে সবসময় যাতায়াত করতে পারবে গাড়ি ও বাস।

About Post Author