Home » অনলাইনে জয়নগরের মোয়া

অনলাইনে জয়নগরের মোয়া

সময় কলকাতা ডেস্ক :  বঙ্গে  শীত এসেছে। শীতকাল আসবে অথচ জয়নগরের মোয়ার খবর থাকবে না তা হতেই পারে না। শীতের মরশুমে শুরুতেই ভোজন রসিক বাঙালিদের জন্য মোয়া সংক্রান্ত  দুর্দান্ত সুখবর। শীতের জনপ্রিয় মিষ্টি জয়নগরের মোয়া এবার মিলবে অনলাইনে। বাড়িতে বসেই মোবাইল ফোন থেকে অ্যাপের মাধ্যমে অর্ডার দিলেই মিলবে এই সুস্বাদু মিষ্টি।

শীতের নরম আমেজ গায়ে মেখে বাঙালি  জয়নগরের মোয়া দিয়ে রসনা তৃপ্ত করে তার ঐতিহ্যর সাথে জড়িয়ে আছে আবেগ।পশ্চিমবাংলার দক্ষিণ ২৪ পরগণা জেলার এই বিশেষ মিষ্টি অনেকের কাছেই বিশুদ্ধ আবেগ। তাই ঘরে বসে মোয়ার স্বাদ যাতে সাত থেকে সত্তর সকলে উপভোগ করতে পারে তার জন্যই নিয়ে আসে হয়েছে অনলাইনে জয়নগরের মোয়া। প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে অর্ডার দিলেই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে পৌঁছবে সুস্বাদু জয়নগরের মোয়া। অনলাইনের মাধ্যমে জয়নগরের মোয়া এবার জেলা, রাজ্য, দেশ পেরিয়ে পৌঁছবে বিদেশের মাটিতে।

শীত পড়লেই প্রতিবছর বাঙালির খাদ্য তালিকায় সংযোজন হয় এই সুস্বাদু মিষ্টির। খেজুর গাছের রস জ্বাল দিয়ে তৈরি হওয়া নলেন গুড়ের সাথে কনকচূড় ধানের খই, কাজু, কিসমিস, খোয়াক্ষীর, এলাচগুড়ো দিয়ে বানানো হয় এই সুস্বাদু জয়নগরের মোয়া। মোয়ার টানেই  বিভিন্ন প্রান্ত থেকেও ভোজন রসিকরা ছুটে আসেন জয়নগরে। অনেক সময় ইচ্ছে থাকলেও জয়নগরে না আসতে পারায় মোয়া চেখে দেখার উপায় থাকে না অনেকেরই। তাই তাঁদের কথা মাথায় রেখেই এবার অনলাইনে আসল জয়নগরের মোয়া বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন মোয়া ব্যবসায়ীরা।

প্রতিবছর শীত পড়লেই রাজ্যের বিভিন্ন প্রান্তে জয়নগরের মোয়ার নাম করে খইয়ের লাড্ডু বিক্রি হয়। ফলে প্রকৃত  জয়নগরের মোয়া খেতে হলে ভোজন রসিক মানুষকে দূর দূরান্ত থেকে জয়নগরেই আসতে হত।অনলাইনে এভাবে মোয়া, রাজ্য তথা সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। সব মিলিয়ে শীতের শুরুতে এই ধরনের একটা সুখবরে যথেষ্ট আনন্দিত ভোজন রসিক মানুষজন। প্রযুক্তির সঙ্গে মিশেছে সংস্কৃতি যার সুফল পেতে চলেছে আমজনতা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে রসনার তৃপ্তি দেবে জয়নগরের মোয়া।।

About Post Author