Home » ড্র করে টিকে রইল জার্মানি, বেলজিয়ামকে হারিয়ে অঘটন মরোক্কোর

ড্র করে টিকে রইল জার্মানি, বেলজিয়ামকে হারিয়ে অঘটন মরোক্কোর

সময় কলকাতা ডেস্কঃ বিশ্বকাপে টিকে রইল জার্মানি। গ্রুপে ই-র দ্বিতীয় ম্যাচে স্পেনের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ১-১ ড্র করল হান্সি ফ্লিকের দল। ৬২ মিনিটে  আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্পেন। সেই গোল ৮৩ মিনিটে শোধ করে জার্মানিকে ম্যাচে সমতায় ফেরান নিকলাস ফুলক্রুগ। এই ম্যাচে জিতলে অনেক বেশি স্বস্তিতে থাকতে পারতেন জার্মানরা। এখন শেষ ম্যাচে কোস্টারিকাকে হারানোর পাশাপাশি গ্ৰুপের বাকি ম্যাচগুলির দিকে তাকিয়ে থাকতে হবে মুলারদের।

কাতার বিশ্বকাপের শুরুটা এক রকম হয়নি দুই দলের। একদিকে কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করেছিল লুই এনরিকের স্পেন। তিকিতাকা ফুটবলে নাস্তানাবুদ করেছিল কোস্টারিকাকে। অন্যদিকে জাপানের বিরুদ্ধে অপ্রত্যাশিত ভাবে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল জার্মানি। রবিবার দোহার আল বায়াত স্টেডিয়ামে দুই দলের লড়াইটা সমান ছিল না। স্পেনের কাছে লড়াইটা ছিল পরের পর্বে নিজেদের জায়গা পাকা করার। অন্যদিকে জার্মানির কাছে লড়াইটা ছিল বিশ্বকাপে টিকে থাকার। দুই দলই বল দখল করে, পাসিং ফুটবল খেলায় পারদর্শী। দুই দলের শক্তিশালী মাঝমাঠ দখলের লড়াই দেখার জন্য মুখিয়ে ছিল ফুটবল বিশ্ব। ম্যাচের প্রথমার্ধ দুই দলের বল দখলের লড়াইয়ে কেটে গেল। ম্যাচের প্রথমার্ধে জার্মান ডিফেন্ডার রুডিগারের গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়।

স্পেনও গোলের সুযোগ তৈরী করে কিন্তু ফেরান তোরেস সেই সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফেরান তোরেসের পরিবর্তে আলভারো মোরাতাকে নামান স্পেন কোচ লুই এনরিকে। মাঠে নামার ৮ মিনিটের মধ্যেই রং বদলে দিলেন। জর্ডি আলবার ক্রস থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন আলভারো মোরাতা।

তবে ১ গোলের ব্যবধান কখনোই সুরক্ষিত নয়। সেটা আরও একবার টের পেল স্পেন। জামাল মুসিয়ালা বক্সের মধ্যে স্পেন গোলরক্ষককে একলা পেয়েও গোল করতে ব্যর্থ হয়। অনবদ্য দক্ষতায় মুশিয়ালার শট আটকে দেন উনাই সিমোন। ম্যাচের ৭০ মিনিটে জোড়া পরিবর্তন করেন জার্মানি কোচ হান্সি ফ্লিক। ইকে গুন্ডোগান এবং থমাস মুলারের পরিবর্তে লেরয় সানে এবং নিক্লাস ফুলক্রুগকে মাঠে নামান তিনি। এদিন ম্যাচে জার্মানিকে সমতায় ফেরান পরিবর্ত হিসেবে নাম ফুলকরুগই।

এদিন ম্যাচ ড্র করে কিছুটা স্বস্তি মিললেও আশঙ্কামুক্ত হয়ে মাঠ ছাড়তে পারলেন না ২০১৪ বিশ্ব চ্যাম্পিয়নরা।

অন্যদিকে গ্ৰুপ এফের ওপর একটি ম্যাচে ঘটল অঘটন। তারকা খচিত বেলজিয়ামকে ২-০ গোলে হারাল মরক্কো। মরোক্কোকে ৭৩ মিনিটে এগিয়ে দেন রোমান সাইস। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময় মরোক্কোর হয়ে ব্যবধান বাড়ান জাকারিয়া আবৌখাল। এদিন ম্যাচে একাধিক গোল তৈরির সুযোগ তৈরী করেছিল বেলজিয়াম। কিন্তু গোল করার সহজ সুযোগ নষ্টের খেসারত দিতে হল ডি ব্রুইনদের।

এই গ্ৰুপের অপর ম্যাচে কানাডাকে ৪-১ গোলে হারাল ক্রোয়েশিয়া। কানাডাকে ম্যাচ শুরুর ৬৮ সেকেন্ডে এগিয়ে দেন আলফনসো ডেভিস। যদিও সেই গোল ধরে রাখতে ব্যর্থ হয় কানাডা। ম্যাচের ৩৬ মিনিটে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ক্রামারিচ।  ৪৪ মিনিটে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন লিভাজা। ৭০ মিনিটে ফের গোল করে দলের জয় নিশ্চিত করেন ক্রামারিচ। ৯৪ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে আরও ব্যবধান বাড়ান মাজের।  প্রথম ম্যাচে মরক্কোর কাছে আটকে যাওয়ার পর অবশেষে বিশ্বকাপে কিছুটা হলেও অক্সিজেন পেল গত বারের রানার্স আপ ক্রোয়েশিয়া।

About Post Author