Home » জার্মানির ফুল ঝরতে দিলেন না ফুলক্রুগ

জার্মানির ফুল ঝরতে দিলেন না ফুলক্রুগ

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : দল এক গোলে হারছে, দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় নেমেছিলেন পরিবর্ত হয়ে, হয়ে গেলেন সুপার সাব। তাঁর নাম নিক্লাস ফুলক্রুগ। তিনি জার্মানি দলে নতুন মুখ হলেও জাপানের বিরুদ্ধে হারের পরে তাঁর গোলের সুবাদেই স্পেনের বিরুদ্ধে ১-১ গোলে ম্যাচ ড্র করে বিশ্বকাপে  টিকে থাকল জার্মানি। জার্মানি ফুটবলের চরম বিপদের সময়  রক্ষাকর্তা বা অবতার হয়ে দেখা দেওয়া নিক্লাস ফুলক্রুগের জার্মানি দলে চয়নও বেশ চমকপ্রদ ও উল্লেখযোগ্য। বুন্দেশলিগার সর্বোচ্চ পর্যায়ে তিনি কখনও খেলতেনই না। জার্মানির   দ্বিতীয় সর্বোচ্চ  লীগে গত সাত বছর ধরে খেলে আসছিলেন  ফুলক্রুগ।বিগত মরশুমে  ওয়ার্ডার ব্রেমেনের হয়ে প্রচুর গোল করে দলকে তুলে এনেছেন সর্বোচ্চ পর্যায়ে। আর এরই পুরস্কার স্বরূপ আচমকা এবার জার্মানি দলের দরজা খুলে যায় ২৯ বছর বয়সী স্ট্রাইকারের সামনে। ২০০৩ সালে মার্টিন ম্যাক্স কে বাদ দিলে এত বেশি বয়সে জার্মানির হয়ে কেউ আন্তর্জাতিক ফুটবলে অবতীর্ণ হননি। তাও আবার বিশ্বকাপের মঞ্চে! নভেম্বরেই জার্মানির হয়ে প্রথম মাঠে নামেন তিনি। কাতারে এসে  ওমানের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে  গোল ও পেয়ে যান ফুলক্রুগ । স্পেনের বিরুদ্ধে ম্যাচটি ছিল তার তৃতীয় ম্যাচ। মিনিট কুড়ি মাঠে থাকার সুযোগ পেয়েছেন তিনি। তার মধ্যে নিজের গোল করার তাগিদের প্রমাণ দিয়েছেন। এদিন  দ্বিতীয়ার্ধে  আরেক সুপার সাব  আলভারো মোরাতার গোলে  স্পেন এগিয়ে যায়। শুধু তাই নয়, মাঠে স্পেনের ফুটবলারদের  ছায়া যখন দীর্ঘতর হচ্ছে তখন একদিকে গাভি সহ স্পেনের একাধিক পরিবর্তন হতেই জার্মানি কোচ ৭০ মিনিটে তিনটি পরিবর্তন ঘটান।তারকা ফুটবলার টমাস মুলারের ব্যর্থতা  ফুলক্রুগকে মাঠে নামার সুযোগ করে দেয়। মাঠে নেমে তিনি ১২ মিনিটের মধ্যে  গোল করে চারবারের বিশ্বজয়ী জার্মানির  আশা জিইয়ে রাখলেন। পরবর্তী ম্যাচে জাপান আবার স্পেনের বিরুদ্ধে অঘটন না ঘটালে  কোস্টারিকার বিরুদ্ধে  জয় পেলেই জার্মানির শেষ ষোলোয় পৌঁছে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে। সৌজন্য নিক্লাস ফুলক্রুগ।।

About Post Author