সময় কলকাতা ডেস্কঃ বৃহস্পতিবার দিল্লিতে ইডি- র সদর দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডলের। কিন্তু স্বভাবসিদ্ধ ভাবে এদিনও হাজিরা এড়িয়ে গিয়েছে অনুব্রত-কন্যা। ইডি সূত্রে খবর, আইনজীবী মারফত সুকন্যা ইডি-র অফিসারদের ই-মেল পাঠিয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে কয়েকদিন সময় চেয়ে নিয়েছেন সুকন্যা। এর আগে তিনবার তাঁকে দীর্ঘক্ষণ ম্যারাথন জেরা করেছে ইডি। একজন সরকারি স্কুলের শিক্ষিকা হয়ে কী ভাবে তিনি বিপুল সম্পত্তির মালিক হলেন, সেই টাকা কোন সূত্রে পেয়েছেন, এ সব নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে বলেই দাবি ইডি-র। মূলত এই বিষয়গুলি নিয়েই এদিন তাঁকে জেরা করার সম্ভাবনা ছিল।
অন্যদিকে,আপাতত দিল্লি যেতে হচ্ছে না অনুব্রত মণ্ডলকে। ৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত কেষ্টর দিল্লি যাত্রা। এমনটাই জানিয়েছে দিল্লি হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি ৭ ডিসেম্বর। ততদিন আসানসোলের জেলেই থাকবেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা। উল্লেখ্য, গরু পাচার মামলায় অনেক আগেই অনুব্রতকে গ্রেফতার করেছে সিবিআই। বেশ কিছুদিন আগেই গ্রেফতার করেছে ইডি। এই পরিস্থিতিতে তদন্তের স্বার্থে অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরার করতে চায় ইডি। এই মর্মেই দিল্লিতে রাউস অ্যাভেনিউ আদালতে আবেদন করে ইডি। ইডির এই পদক্ষেপের বিরুদ্ধেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। সেই মামলারই শুনানিতেই ৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট।
প্রসঙ্গত,গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য। পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই ইতিমধ্যেই সুকন্যা মণ্ডলকে জেরা করেছে ইডি। এরপর এই মামলায় ইডির নজরে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজন। তাদেরকেও জেরা করতে তলব করতে পারে ইডি, এমনটাই সূত্রের খবর। এখন দেখার সায়গলের পর অনুব্রতকেও কি দিল্লিতে নিয়ে যেতে পারবে ইডি, সেদিকেই নজর সকলের।


More Stories
বিচ্যুতি থাকবেই, ফুলপ্রুফ সিস্টেম বলে কিছু হয়না : শমীক ভট্টাচার্য
মহেশতলায় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু
অনুমতি ছাড়া তৃণমূলের মিছিল, গ্রেফতার কুণাল ঘোষ