Home » ভারত সরকার থেকে পদ্মভূষণ সম্মান পেলেন গুগল এবং অ্যালফাবেট সিইও সুন্দর পিচাই 

ভারত সরকার থেকে পদ্মভূষণ সম্মান পেলেন গুগল এবং অ্যালফাবেট সিইও সুন্দর পিচাই 

সময় কলকাতা ডেস্কঃ ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হলেন গুগল এবং অ্যালফাবেট সিইও সুন্দর পিচাই। তাঁর হাতে ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান তুলে দিলেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিংহ সান্ধু। সান ফ্রান্সিসকোর অনুষ্ঠানে সম্মানপ্রাপ্তির সময় ভারতের সঙ্গে তাঁর নিবিড় যোগের কথা জানান সুন্দর পিচাই। তিনি জানান, ভারত তাঁর অন্তরে রয়েছে। এই দেশ তাঁর জীবনের একটা অংশ। তরণজিৎ সিংহ সান্ধুও টুইটারে পোস্ট করে সুন্দরের হাতে পদ্মভূষণ তুলে দেওয়ার প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

পিচাইকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানফ্রান্সিস্কোতে ভারতের কনসুল জেনারেল টি ভি নগেন্দ্র প্রসাদ। গুগল সিইও প্রসঙ্গে সাঁধু বলেছেন, প্রযুক্তি ক্ষেত্রে রূপান্তরের যে অসীম সম্ভাবনা রয়েছে পিচাই তারই প্রতিনিধিত্বকারী। “উনি বিশ্বের বিভিন্ন অংশে সমাজের বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল টুলস এবং দক্ষতাকে অ্যাক্সেসযোগ্য করার জন্য প্রশংনীয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

চলতি বছরের শুরুতেই ১৭ জন পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করেছিল ভারত সরকার। সেই তালিকায় অন্যতম ব্যক্তিত্ব ছিলেন গুগলের সিইও। পঞ্চাশ বছর বয়সি সুন্দর পিচাইয়ের জন্ম দক্ষিণ ভারতের মাদুরাইতে। উল্লেখ্য, ২০০৪ সালে গুগলের সঙ্গে যুক্ত হন সুন্দর পিচাই। কালক্রমে তিনিই হয়েছেন সংস্থার সিইও। পরে সার্চ ইঞ্জিনটির সত্বাধিকারী সংস্থা Alphabet Inc-এর ‘চিফ এগজিকিউটিভ অফিসার’ পদেও আসীন হন তিনি।

About Post Author