Home » কীভাবে বুঝবেন শিশুর ওজন বেশি? দেখে নিন

কীভাবে বুঝবেন শিশুর ওজন বেশি? দেখে নিন

সময় কলকাতা ডেস্ক: সন্তানকে মোটাসোটা করতে জোর করে করে খাবার খাওয়াচ্ছেন? একটু পর পর খাবারের থালা নিয়ে শিশুর সামনে ধরছেন? কিংবা আপনার সন্তান মোটাসোটা নয় বলে চিন্তায় ঘুম হচ্ছে না? আপনার জেনে রাখা প্রয়োজন মোটাসোটা শিশু দেখতে ভালো লাগলেও, স্বাস্থ্যের পক্ষে তা মোটেই ভালো নয়। শিশুর ওজন নিয়ন্ত্রণে না থাকলে তা পরবর্তী সময়ে ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের অসুখের মতো রোগের প্রবণতা বাড়িয়ে দেয়। আজকাল আমাদের দেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে টাইপ টু ডায়াবেটিস এবং হার্টের অসুখ। ছোট বয়স থেকেই বাড়তি ওজনের কারণে অল্প বয়সে ডায়াবেটিস বাসা বাঁধছে শরীরে।

কীভাবে বুঝবেন শিশুর ওজন বেশি?

শিশুর দেহ ভর সূচক বা বিএমআই ২৫ বা তার বেশি হলে বুঝতে হবে তার ওজন স্বাভাবিকের থেকে বেশি। আপনি নিজেই এটি বের করতে পারবেন। শিশুর ওজন কিলগ্রামে মাপুন। তারপর উচ্চতা মাপুন সেন্টিমিটারে। এরপর ওজনকে উচ্চতা দিয়ে ভাগ করলেই বের হয়ে যাবে বিএমআই।

কেন ওজন বেড়ে যায়?

বাড়তি মেদ জমার কারণগুলি হল ত্রুটিপূর্ণ খাদ্যাভাস, শারীরিক পরিশ্রমের অভাব, একটানা বসে পড়াশুনা, টিভি দেখা, কম্পিউটারে গেম খেলা এবং বংশগত ইতিহাস।

বেশিরভাগ বাবা-মায়ের ধারণা গোলগাল শিশু মানেই সুস্থ শিশু। এখন এই ধারণা বদলানোর সময় চলে এসেছে। এই কথা আজ পরীক্ষিত সত্য যে শিশু বয়সের অতিরিক্ত ওজন একদিকে যেমন ডায়াবেটিস ডেকে আনছে, অন্যদিকে এই বাড়তি ওজন রক্তচাপ এবং রক্তের মধ্যে ফ্যাটের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে শিশুর ওজন সম্পর্কে সচেতন থাকতে হবে অভিভাবকদের।

 

 

About Post Author