Home » জমে উঠেছে নাগাল্যান্ডের হর্নবিল উৎসব

জমে উঠেছে নাগাল্যান্ডের হর্নবিল উৎসব

সময় কলকাতা ডেস্কঃ ভারতের অন্যতম ছোট রাজ্য নাগাল্যাণ্ড। উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্যের অন্যতম রাজ্য হল নাগাল্যান্ডকে সেভেন সিস্টারও বলা হয়। আর কোহিমা হল এই রাজ্যের অন্যতম অলঙ্কার। ঐতিহ্যে মোড়া, সংস্কৃতিতে প্রাণবন্ত এই রাজ্য। নাগাল্যান্ডে অন্তত ১৬ টি জনজাতির বসবাস। প্রত্যেক জনজাতির নিজের নিজের উত্সবকে একসঙ্গে এক জায়গায় তুলে ধরার জন্য অনুষ্ঠিত হয় হর্নবিল উৎসব। এখানে ১৬ টি জনগোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি, আচার, ইতিহাস, গান, যুদ্ধ, লোককাহিনী তুলে ধরা হয় এই উৎসবে।

প্রতি বছরই ডিসেম্বরের ১ তারিখ থেকে শুরু হয় হর্নবিল ফেস্টিভ্যাল, চলে ১০ তারিখ পর্যন্ত। এবছর এই ফেস্টিভ্যাল ২৩ বছরে পড়ল। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত হেরিটেজ গ্রাম কিসামাতে থাকা বিশাল এক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ফেস্টিভ্যাল। এবছর এবার অনুষ্ঠানের উদ্বোধন করেছেন দেশের উপরাষ্ট্রপতি শ্রী জগদীশ ধনখড়। তাঁর পরনে ছিল নাগাল্যান্ডের ঐতিহ্যবাহী শাল আমুলা কাসকা আর পালক লাগানো টুপি সীপি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের গভর্নর জগদীশ মুখি, মুখ্যমন্ত্রী নেইফিউ রিও এ এবং অন্যান্যরা। উৎসবে অংশগ্রহণকারী মোট আঠারোটি উপজাতি হল: আংগামি, রেংমা, জেলিয়াং, কুকি, কাছারি, ছাকহেসাং, পোচারী, ছাঙ, আও, কোনিয়াক, ফোম, খিয়ামনিউনগান, ইয়িমখিউয়ং, লাংটাম, লোঠা, লুমি, তিখহিরস এবং গারো।

যদিও এই উৎসবের আরও একটি দিক আছে। নাগা সহ উত্তরপূর্বের প্রতিটি রাজ্যের জনজাতির কাছেই রক মিউজিক একটি জনপ্রিয় বিষয়। প্রত্যেকেরই নিজস্ব ব্যান্ড রয়েছে। তাই জনজাতির উত্সবেও রক মিউজিক থাকে। হর্নবিল রক উত্সবের মাধ্যমে এই উত্সব দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের সর্বত্র শোভা পায়। উৎসবের মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে নাগা মোরুংস প্রদর্শনী এবং শিল্প ও কারুশিল্প বিক্রি, ভেষজ ওষুধের স্টল, গান এবং নাচ, তীরন্দাজি, নাগা কুস্তি, আদিবাসী গেম, সঙ্গীত কনসার্ট, রান্না প্রতিযোগিতা ও আরও অনেক কিছু। চোখে পড়ে তাদের বৈচিত্রময় বসবাস পদ্ধতি, খাবার-দাবার, পোশাক-পরিচ্ছদ ইত্যাদি। নাগারা দুর্ধর্ষ জাতি। নাচে, গানে, প্রদর্শনীতে বর্তমানে জমে উঠেছে সেই উৎসব। হর্নবিল ফেস্টিভ্যালে গিয়ে পর্যটকরা ঘুরে দেখে নিচ্ছেন কোহিমার আশেপাশের বেশ কিছু জায়গা।

About Post Author