Home » মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২

সময় কলকাতা ডেস্কঃ ভয়াবহ ভূমিধস মালয়েশিয়ার কুয়ালালামপুরে। শুক্রবার ভোররাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভূমিধসে এখনও পর্যন্ত কমপক্ষে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। নিখোঁজ ৫০ জনেরও বেশি। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে হতাহতদের খোঁজ শুরু করেছে উদ্ধারকারী দল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুয়ালালামপুরের সিলঙ্গর প্রদেশে এদিন ভোর সাড়ে ৩টে নাগাদ একটি ফার্ম হাউসের কাছে ভূমিধস নামে। এই ঘটনার জেরে ফার্মহাউসটি সম্পূর্ণভাবে মাটির নীচে চলে গিয়েছে বলেই সূত্রের খবর। প্রায় ৩০ মিটার উচ্চতা থেকে এবং প্রায় এক একর জায়গা জুড়ে ভূমিধস হয় বলে দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে।

অন্যদিকে এই ঘটনার খবর পেয়েই তৎপরতার সঙ্গে উদ্ধারকার্যে নেমেছে দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ছাড়াও বিভিন্ন সংস্থার তরফে প্রায় ৪০০ জন কর্মী উদ্ধারকাজে নেমেছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, ভূমিধসে প্রায় ৯৩ জন মানুষ আটকে পড়েন। যার মধ্যে এখনও পর্যন্ত ৪৯ জনকে নিরাপদে উদ্ধার করা গিয়েছে। বাকিরা এখনও পর্যন্ত নিখোঁজ। ইতিমধ্যেই ১২ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিকে, ৮ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

About Post Author